নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সাত কোটি টাকা জিএসটি ফাঁকি দেওয়ার অভিযোগে হুঁকো কোম্পানির মালিককে গ্রেফতার করল ডিরেক্টরেট জেনারেল অফ গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স ইন্টেলিজেন্স (ডিজিজিআই)। সংস্থার কর্ণধার নিয়াজ আহমেদকে বৃহস্পতিবার ডেকে পাঠানো হয়েছিল ডিজিআইআই দপ্তরে। দীর্ঘ জিজ্ঞাসাবাদে সন্তোষজনক উত্তর না আসায় তাঁকে গ্রেফতার করা হয়।
ডিজিজিআই সূত্রে খবর, রাজ্যে হুঁকো তৈরির একমাত্র কারখানাটি রয়েছে বারুইপুরে। এই কারখানার মালিক নিয়াজ। এখান থেকে বিভিন্ন ব্যবসায়ী হুঁকো নিয়ে যান। ডিজিজিআইয়ের অফিসাররা জানতে পারেন, কাঁচা রসিদে হুঁকো বিক্রি চলছে এই কারখানা থেকে। বিপুল পরিমাণ জিএসটি ফাঁকি দিচ্ছে তারা। এই খবরের ভিত্তিতে চলতি বছরের জুলাই মাসে তল্লাশি চালান ডিজিজিআই’র অফিসাররা। সেখান থেকে লেনদেনের বিপুল কাঁচা রসিদ উদ্ধার হয়। দেখা যায়, কোম্পানির গোটা ব্যবসাই চলছে নগদে। ভুয়ো ইনভয়েস তৈরি করে আয়কর রিটার্ন জমা দেওয়া হয়। খাতায়কলমে যে পরিমাণ বিক্রি হয়েছে বলে দেখানো হয়েছে, তার চাইতে অনেক বেশি হুঁকো বিক্রি হয়েছে। তদন্তকারীরা হিসেব কষে দেখেন, ২০২৩-২৪ আর্থিক বর্ষে এই কোম্পানি জিএসটি ফাঁকি দিয়েছে সাত কোটি টাকার। এ বিষয়ে বিস্তারিত জানতেই কোম্পানির কর্ণধার নিয়াজকে বৃহস্পতিবার ডেকে পাঠানো হয়। তিনি কার্যত স্বীকার করে নেন যে কাঁচা রসিদেই গোটা ব্যবসা চলছে দীর্ঘদিন ধরে। কিন্তু কেন এভাবে ব্যবসা চালাতেন, তার কোনও সদর্থক জবাব দিতে পারেননি। এরপরই গ্রেফতার করা হয় তাঁকে। জিএসটি ফাঁকি দিয়ে তিনি যে টাকা বাঁচিয়েছেন, তা কোথায় বিনিয়োগ করা হয়েছে এবং কোথায় সম্পত্তি রয়েছে, খোঁজখবর শুরু করেছে ডিজিজিআই।