নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: বাগানে আম চুরির অভিযোগে সুদীপ্ত পণ্ডিতকে (১৭) পিটিয়ে মারার ঘটনা মেনে নিতে পারছেন না নৈহাটি শিবদাসপুরের বাসিন্দারা। শুক্রবার সকাল থেকেই মানুষ ক্ষোভে ফেটে পড়েন। উত্তেজিত জনতা বাগানের মালিক ফারহাদ মণ্ডলের বাড়ি ভাঙচুর করে আমের গুদামে আগুন ধরিয়ে দেন। তারপর শিবদাসপুর থানায় বিক্ষোভ দেখান। অংশ নেন সিপিএম এবং বিজেপির নেতা-কর্মীরা। তবে বিক্ষোভ চলাকালীন নিজেরাই গোলমালে জড়িয়ে পড়েন বিজেপি ও তৃণমূল নেতা-কর্মীরা। পরে কল্যাণী এক্সপ্রেসওয়ে টায়ার জ্বালিয়ে অবরোধ করা হয়। যার জেরে গাড়ি চলাচল থমকে যায়। বারাকপুরের পুলিস কমিশনার অজয় ঠাকুর বলেন, মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় আর কেউ জড়িত কি না, খোঁজ নেওয়া হচ্ছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সরকারি আইনজীবী যদুনাথ ঘোষ জানিয়েছেন, ধৃত ফারহাদকে বারাকপুর আদালতে তোলা হলে বিচারক মণিকা চট্টোপাধ্যায় ১০ দিনের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছেন।



