সংবাদদাতা, উলুবেড়িয়া: কেন্দ্রীয় সরকার আবাস যোজনার অর্থ বন্ধ করে দেওয়ায় সমস্যায় পড়েছিলেন এই রাজ্যের কয়েক লক্ষ বাসিন্দা। সমস্যা সমাধানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের উদ্যোগে সাধারণ মানুষের জন্য বাড়ি নির্মাণে বাংলার বাড়ি প্রকল্প ঘোষণা করেছিলেন। প্রকল্পের প্রথম পর্যায়ের টাকা তালিকাভুক্ত উপভোক্তাদের অ্যাকাউন্টে ইতিমধ্যে চলে গিয়েছে। এবার দ্বিতীয় পর্যায়ের টাকা দেওয়ার জন্য উপভোক্তাদের তালিকা প্রস্তুত করল উলুবেড়িয়া ১ ব্লক প্রশাসন। তবে এই কাজ নিয়ে খুবই সতর্ক প্রশাসন। ইতিমধ্যে আবেদন যাচাই করে যোগ্য উপভোক্তাদের তালিকা ব্লকের পাশাপাশি সমস্ত গ্রাম পঞ্চায়েতের নোটিশ বোর্ডে টাঙানো হয়েছে। উলুবেড়িয়া ১ ব্লক প্রশাসন সূত্রে খবর, দ্বিতীয় পর্যায়ে ৯টি গ্রাম পঞ্চায়েতের ৬৪৫২ জন উপভোক্তার আবেদনপত্র যাচাই করা হয়। তা থেকে ৪৯৮১ জন উপভোক্তার নামের তালিকা চূড়ান্ত করে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতগুলির নোটিশ বোর্ডে টাঙিয়ে দেওয়া হয়েছে। ১৪৭১ জন উপভোক্তার আবেদন বাতিল করা হয়েছে। উলুবেড়িয়া ১-এর বিডিও এইচ এম রিয়াজুল হক জানান, প্রতিটি আবেদনপত্র ভালোভাবে যাচাই করে তালিকা প্রস্তুত করা হয়েছে। যদি এই তালিকা নিয়েও কারও কোনও আপত্তি থাকে, তাহলে তাঁরা নির্ধারিত সময়ের মধ্যে জানাতে পারবেন। কোনও আপত্তি পাওয়া গেলে ফের তদন্ত হবে। সেক্ষেত্রে যদি দেখা যায়, সংশ্লিষ্ট উপভোক্তা প্রকৃতপক্ষে বাড়ি পাওয়ার যোগ্য, তাহলেই তাঁকে তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। অন্যথায় নামটি বাতিল করা হবে। শেষ পর্যায়ে, আগামী ১৭ নভেম্বর নাগাদ প্রতিটি গ্রাম পঞ্চায়েতে এনিয়ে সভা করা হবে। সেখানে তালিকা নিয়ে আলোচনার পর প্রস্তাবও গৃহীত হবে। পরবর্তী পর্যায়ে গ্রাম সভায় গৃহীত প্রস্তাব অনুসারে চূড়ান্ত তালিকা ব্লক এবং পরে জেলায় পাঠানো হবে।



