Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

দুবরাজপুর উত্তরাঞ্চল ক্লাবের ‘রঙের টানে ফুলের টানে’ বসন্ত উৎসব পালন

দুবরাজপুর উত্তরাঞ্চল ক্লাবের ‘রঙের টানে ফুলের টানে’ বসন্ত উৎসব পালন
  • ১৭ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: শান্তিনিকেতনী ধারাকে সামনে রেখে দুবরাজপুর উত্তরাঞ্চল ক্লাবের তরফে ‘রঙের টানে ফুলের টানে’ বসন্ত উৎসব উদযাপিত হল। দুবরাজপুর পুরসভার ২ নম্বর ওয়ার্ডের রঞ্জন বাজার এলাকায় শুক্রবার বিকেলে শোভাযাত্রার মধ্যেই দিয়ে এই উৎসবের সূচনা হয়েছিল। মূলত কচিকাঁচাদের নিয়ে আদিবাসী নৃত্যর মাধ্যমে শোভাযাত্রা শহরের বিভিন্ন রাস্তা ঘোরে। সবশেষে ইয়ুথ কর্নার ক্লাব সংলগ্ন এলাকা হয়ে ফের ক্লাব প্রাঙ্গণে পৌঁছে শোভাযাত্রার সমাপ্তি ঘোষণা হয়। উদ্যোক্তাদের তরফে সন্ধ্যায় জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। শহর ও গ্রামাঞ্চলের খুদে শিল্পীরা মঞ্চ আলো করে কবিতা আবৃত্তি থেকে নৃত্য প্রদর্শনী করে। পাশাপাশি জেলার খ্যাতনামা শিল্পীরা গানের সুরে মঞ্চ মাতিয়ে তোলেন। 

Advertisement

দোল উপলক্ষ্যে বিভিন্ন উৎসব আয়োজনের মাঝেও উত্তরাঞ্চলের বসন্ত উৎসব স্থানীয়দের কাছে আবেগের। দূরদূরান্ত থেকে বহু মানুষ এই উৎসব উদযাপনে শামিল হয়েছিলেন। উদ্যোক্তারা জানিয়েছেন, রীতিমতো শান্তিনিকেতনী ভাবধারাকে তুলে ধরে আয়োজিত নবমতম বসন্ত উৎসবে প্রায় হাজার মানুষের সমাগম হয়েছিল। বসন্ত উৎসবের অন্যতম আকর্ষণ ছিল বাউল। শান্তিনিকেতনের বাউল শিল্পীরা নাচে গানে মঞ্চ মাতিয়ে তোলেন। সেইসঙ্গে আট থেকে আশি সকলেই আবির খেলায় মেতে ওঠেন। সবশেষে প্রীতিভোজের মধ্যে দিয়ে বসন্ত উৎসবের সমাপ্তি ঘোষণা হয়। 
ক্লাবের সম্পাদক কল্যাণ চক্রবর্তী বলেন, প্রতিবছরের মতো এবারও দোল উদযাপন করা হয়েছে। মূলত শান্তিনিকেতনী ধারাকে তুলে ধরেই এই বসন্ত উৎসবের আয়োজন। সেইসঙ্গে স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে ভেষজ আবিরের ব্যবহার করা হয়েছিল। এছাড়াও ছোট বাচ্চাদের কথা ভেবে বসন্ত উৎসব দিনের পরিবর্তে বিকেলে শুরু করা হয়েছিল।

Advertisement
সম্পর্কিত সংবাদ