সংবাদদাতা, উলুবেড়িয়া: বিদ্যুৎ খরচ কম করতে সৌর পথবাতি ব্যবহারে আরও জোর দিচ্ছে হাওড়া জেলা পরিষদ। গোটা জেলায় ৯০০টি সৌর পথবাতি বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব শীঘ্রই কাজ শুরু হবে।
Advertisement
সাধারণত গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে সৌর পথবাতি লাগানো হয়ে থাকে। তবে এবার সামগ্রিকভাবে জেলাজুড়ে বিভিন্ন জায়গায় সৌর পথবাতি বসানোর সিদ্ধান্ত নিয়েছে হাওড়া জেলা পরিষদ। এর ফলে একদিকে যেমন বিদ্যুতের ব্যবহার ও খরচ কমবে অন্যদিকে সৌরশক্তির ব্যবহার বৃদ্ধি করা যাবে। যদিও এর আগে বিভিন্ন সময়ে যেসব সৌর পথবাতি লাগানো হয়েছিল সেগুলির বেশিরভাগ ব্যাটারি চুরি হয়ে গিয়েছে। কোথাও রক্ষণাবেক্ষণের অভাবে পথবাতিগুলির সৌর প্যানেল নষ্ট হয়ে গিয়েছে। ফলে এতে সরকারের টাকার অপচয় হচ্ছে। আর সেই কারণে জেলা পরিষদের পক্ষ থেকে উন্নতমানের সৌর পথবাতি ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাওড়া জেলা পরিষদের পূর্তদপ্তরের কর্মাধ্যক্ষ তাপস মাইতি জানান, সৌর বাতির জন্য ৩ কোটি ২৫ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। হাওড়া জেলা পরিষদের সদস্যদের চাহিদা মতো এই পথবাতি দেওয়া হবে। খুব শীঘ্র এগুলি লাগানোর কাজ শুরু হবে। তাপসবাবু জানান, এবারে যেসব সৌর পথবাতি লাগানো হবে সেইসব বাতির প্যানেলের সঙ্গে ব্যাটারি লাগানো থাকবে। তাই ব্যাটারি চুরি হওয়ার সম্ভাবনা কম। বাতির দেখভালের দায়িত্বে স্থানীয় গ্রাম পঞ্চায়েতকে দেওয়া হতে পারে।



