Bartaman Logo
২০ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

হকি বিশ্বকাপ: দাপটে পাকিস্তান বধ, পরের রাউন্ডে ভারত

বিশ্বকাপে ‘চক দে ইন্ডিয়া!’ পাকিস্তানকে ছিটকে দিয়ে পরের রাউন্ডে হরমনপ্রীত ব্রিগেড। বুধবার আমস্টেলভিনে চিরপ্রতিদ্বন্দ্বীদের ৫-৩ ব্যবধানে বশ মানাল ভারত।

হকি বিশ্বকাপ: দাপটে পাকিস্তান বধ, পরের রাউন্ডে ভারত
  • ২০ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

আমস্টেলভিন: বিশ্বকাপে ‘চক দে ইন্ডিয়া!’ পাকিস্তানকে ছিটকে দিয়ে পরের রাউন্ডে হরমনপ্রীত ব্রিগেড। বুধবার আমস্টেলভিনে চিরপ্রতিদ্বন্দ্বীদের ৫-৩ ব্যবধানে বশ মানাল ভারত। জোড়া গোল ক্যাপ্টেন হরমনপ্রীত সিং ও অভিষেকের। অপর গোলদাতা হার্দিক সিং। এই নিয়ে দু’দলের মুখোমুখি সাক্ষাতে পাক দলকে ৭০ বার হারাল ভারত। ম্যাচ শেষে সবার নজর ছিল, দু’দলের খেলোয়াড়রা হাত মেলান কিনা সেদিকে! সম্প্রতি ক্রিকেট মাঠে এই সৌজন্য উধাও। বাকি ক্রীড়াক্ষেত্রেও মোটামুটি সেই ধারাই চলছে। তবে হরমনপ্রীতরা বুধবার স্পোর্টিং স্পিরিট মেনে চিরপ্রতিদ্বন্দ্বীদের সঙ্গে হাত মেলালেন।

Advertisement

এদিন ড্র করলেই শেষ আটে জায়গা পাকা হত ভারতীয় দলের। তবে প্রতিপক্ষ যেহেতু পাকিস্তান, তাই মর্যাদার লড়াই জিততে মরিয়া ছিলেন কোচ ক্রেগ ফুলটনের ছেলেরা। শুরু থেকেই আক্রমণাত্মক হকি মেলে ধরেন তাঁরা। পঞ্চম মিনিটে পেনাল্টি কর্নার থেকে ড্র্যাগ ফ্লিকে জাল কাঁপিয়ে দলকে এগিয়ে দেন হরমনপ্রীত (১-০)। ১১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন অভিষেক (২-০)। ২১ মিনিটে ফের পেনাল্টি কর্নার থেকে ৩-০ করেন হরমনপ্রীত। তবে পরের মিনিটেই পাকিস্তানের হয়ে এক গোল শোধ দেন হানান শাহিদ (৩-১)। অবশ্য এর ২ মিনিট বাদেই নিজের দ্বিতীয় গোলে ভারতের লিড বাড়ান অভিষেক (৪-১)। কিছুক্ষণের মধ্যে সুফিয়ান খান পাকিস্তানের হয়ে ব্যবধান কমান (৪-২)। তবে ৩৫ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে ভারতের জয় কার্যত নিশ্চিত করে ফেলেন হার্দিক (৫-২)। চতুর্থ কোয়ার্টারে হানান সাহিদ আরও এক গোল শোধ দিলেও (৫-৩) ভারতের জয় আটকায়নি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ