Bartaman Logo
১৮ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

লিড নিয়েও হার হরমনপ্রীতদের

হকি বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচেই মুখ থুবড়ে পড়ল ভারত। প্রথমার্ধে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ইংল্যান্ডের কাছে ২-৪ ব্যবধানে হেরে গেলেন হরমনপ্রীত সিংরা।

লিড নিয়েও হার হরমনপ্রীতদের
  • ১৮ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

আমস্টালভিন: হকি বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচেই মুখ থুবড়ে পড়ল ভারত। প্রথমার্ধে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ইংল্যান্ডের কাছে ২-৪ ব্যবধানে হেরে গেলেন হরমনপ্রীত সিংরা। পরের ম্যাচে ভারতের প্রতিপক্ষ পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে টার্ফে নামার আগে মানসিকভাবে কিছুটা পিছিয়ে পড়ল ক্রেগ ফুলটন ব্রিগেড। অথচ ওয়েলসকে হারিয়ে বিশ্বকাপের শুরুটা দারুণ করেছিল ভারতীয় দল।

Advertisement

এদিন ম্যাচের প্রথম কোয়ার্টারে বলের নিয়ন্ত্রণ নিজেদের দখলে রেখে শক্তিশালী ইংল্যান্ডকে চাপে ফেলার চেষ্টা করে টিম ইন্ডিয়া। কিন্তু কাউন্টার অ্যাটাকে নিক বান্দুরার গোলে লিড পেয়ে যায় ইংরেজরা (১-০)। গোল হজম করেই দারুণভাবে ম্যাচে ফেরে ভারত। পেনাল্টি কর্নার থেকে চোখ ধাঁধানো ড্র্যাগ-ফ্লিকে সমতা ফেরান অধিনায়ক হরমনপ্রীত সিং (১-১)। কয়েক মিনিটের ব্যবধানেই লিড নিশ্চিত করেন দীলপ্রীত (২-১)। তবে তৃতীয় কোয়ার্টারে হঠাৎ ছন্দপতন। মাত্র চার মিনিটের স্পেলে ইংল্যান্ড গুঁড়িয়ে দিল ফুলটন ব্রিগেডকে। প্রথমে স্টুয়ার্ট রাশমেয়র ও তারপর হেনরি ক্রাফটের গোলে পিছিয়ে পড়ে ভারত (২-৩)।
ভারতীয় সমর্থকরা আশায় ছিলেন শেষ কোয়ার্টারে হয়তো মরণ কামড় দেবেন হরমনপ্রীতরা। কিন্তু প্রতিপক্ষের জমাট রক্ষণের সামনে সুবিধা করতে পারেননি তাঁরা। খেলা শেষের ৫ মিনিট আগে পেনাল্টি কর্নার থেকে ভারতের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন হেনরি (২-৪)। জোড়া গোলে ম্যাচের নায়ক তিনিই। এই জয়ের সৌজন্যে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পরের রাউন্ডের দিকে এক পা বাড়িয়ে রাখল ইংল্যান্ড। পক্ষান্তরে, সমসংখ্যক ম্যাচে ভারতের সংগ্রহ ৩ পয়েন্ট। দ্বিতীয় পর্বে খেলতে হলে শেষ ম্যাচে পাকিস্তানকে হারাতেই হবে হরমনপ্রীতদের। সাম্প্রতিককালে চিরপ্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে ফুলটন ব্রিগেডের রেকর্ড যথেষ্ট উজ্জ্বল। তবে এদিন যেভাবে ছন্দপতন হল, তাতে হাই-ভোল্টেজ ম্যাচের আগে চিন্তায় থাকবেন ভারতীয় দলের কোচ।

Advertisement
সম্পর্কিত সংবাদ