সংবাদদাতা, কাঁথি: হনুমানের তাণ্ডবে ত্রস্ত এগরা শহরের একাধিক ওয়ার্ডের বাসিন্দারা। বেশ কয়েকজন হনুমানের আঁচড়ে জখম হয়েছেন। বাসিন্দারদের দাবি, হনুমানটি গত ১৭নভেম্বর থেকে তাণ্ডব চালিয়ে যাচ্ছে। ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা খুবই আতঙ্কে রয়েছেন। ৫ নম্বর ওয়ার্ডে ৩০জনেরও বেশি মানুষ হনুমানের আঁচড়ে জখম হয়েছে। তাঁদের এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করানো হয়। হনুমানের আতঙ্কে এলাকার বাসিন্দারা বাড়ি থেকে বেরতে ভয় পাচ্ছেন। বিশেষ করে ছোটরা বাড়ি থেকে বেরনো প্রায় বন্ধ করে দিয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, বনদপ্তরকে খবর দেওয়া হয়েছে। কর্মীরা খাঁচা নিয়ে এসেছিলেন। কিন্তু, সেভাবে কোনও পদক্ষেপ করা হয়নি। পুরসভার ভাইস চেয়ারম্যান সোমা চক্রবর্তীর স্বামী আশিসবাবু বলেন, হনুমানটি গাছে গাছে ঘুরে বেড়াচ্ছে। এ ওয়ার্ড থেকে সে ওয়ার্ড এলাকায় ছুটে বেড়াচ্ছে। যেখানে যাকে পাচ্ছে, আঁচড়ে জখম করছে। ঘুমপাড়ানি গুলি করে হনুমানটিকে ধরতে হবে। আমরা বনদপ্তরকে এব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ করার আর্জি জানিয়েছি। বিষয়টি পুলিস-প্রশাসনকেও জানানো হয়েছে। প্রতিদিনই আমরা বনদপ্তর ও প্রশাসনের আধিকারিকদের কাছে দরবার করছি। আশা করছি, শীঘ্রই প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। বনদপ্তরের এগরা বিভাগের এক আধিকারিক বলেন, হনুমানটিকে ধরার প্রয়োজনীয় পরিকাঠামো আমাদের কাছে নেই। বিষয়টি জেলা বনদপ্তরকে জানানো হয়েছে।



