Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

হিন্দিতে আপত্তি নেই, তবে বাংলায় বাধা নয়: শিক্ষামন্ত্রী

হিন্দিতে আপত্তি নেই, তবে বাংলায় বাধা নয়: শিক্ষামন্ত্রী
  • ২০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এরাজ্যে হিন্দিসহ যেকোনও ভাষায় কথা বলায় বাধা নেই। এটাই বাঙালিদের সহৃদয়তা এবং সহনশীলতা। তবে, বাংলা ভাষায় কথা বলতে বাধা দেওয়া হলে, সেটাও ঠিক নয়। বৃহস্পতিবার নিউটাউন রবীন্দ্রতীর্থে ভাষামেলার অনুষ্ঠানে এভাবেই হিন্দি আগ্রাসন সম্পর্কে তাঁর অবস্থান প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাম্প্রতিক কিছু ঘটনার প্রেক্ষিতে হিন্দি জাতীয়তাবাদের বিরুদ্ধে সরব হন সাহিত্যিক তথা তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। তাঁর কথার রেশ ধরেই শিক্ষামন্ত্রী একথা বলেন। বাংলাভাষা আমাদের শিকড়, তা ভুললে চলবে না। এই ব্যাপারে সাহিত্যিক আবুল বাশারের কথা প্রসঙ্গে বাংলাদেশের চিন্তাবিদ ও লেখক আহমেদ ছফার উদাহরণও টানেন তিনি। বাংলায় আরবির ব্যবহার বাড়ছে বলে ওপার বাংলায় সরব হয়েছিলেন আহমেদ ছফা। এটার সমালোচনা করে তিনি লিখেছিলেন, মিশরীয়রা তাঁদের প্রাচীন ভাষা এবং হরফ ত্যাগ করে আরবি আপন করে নিয়েছিলেন। তবে, কোরানের ভাষা, এই শর্তে পারস্য বা ইরান কিন্তু তাঁদের ফার্সি ভাষাকে পরিবর্তন করেননি। এভাবেই নিজেদের শিকড় আঁকড়ে থাকতে হবে বলে মতপ্রকাশ করেন শিক্ষামন্ত্রী।
Advertisement
সম্পর্কিত সংবাদ