Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

হেমতাবাদের ভারত-বাংলাদেশ সীমান্তের চৈনগরে এবার মিলন মেলা হচ্ছে না

হেমতাবাদের ভারত-বাংলাদেশ সীমান্তের চৈনগরে এবার মিলন মেলা হচ্ছে না
  • ৩০ নভেম্বর, ২০২৪ ০০:০০

সংবাদদাতা, কালিয়াগঞ্জ: বাংলাদেশে অস্থির পরিস্থিতির কারণে হেমতাবাদের চৈনগর সীমান্তে এবার মিলন মেলা হচ্ছে না। ইতিমধ্যে বিএসএফ, উত্তর দিনাজপুর জেলা প্রশাসন, ব্লক প্রশাসন, পুলিস ও স্থানীয় জনপ্রতিনিধিরা মাইকিং ও প্রচার করে মেলা না হওয়ার সরকারি সিদ্ধান্ত ব্লক ও সংলগ্ন এলাকায় জানানো শুরু করেছে। 
রায়গঞ্জের মহকুমা শাসক কিংশুক মাইতি বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ঠিক নেই। তাই বিএসএফের তরফে মেলার জমায়েত রুখতে আবেদন জানানো হয়েছিল। তাই ১৪৪ ধারা জারি করা হয়েছে। কাঁটাতার সংলগ্ন এলাকায় যাতে কোনও জমায়েত না হয় তা দেখতে বলা হয়েছে স্থানীয় প্রশাসনকে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এক সময় এপার-ওপার এক ছিল। এই স্মৃতি আঁকড়ে ধরে প্রতি বছর ডিসেম্বরের প্রথম সপ্তাহে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকের ১ নম্বর চৈনগর পঞ্চায়েতে বাংলাদেশ সীমান্তে বসে মিলন মেলা। বাংলাদেশের শতাব্দী প্রাচীন কালীপুজোকে কেন্দ্র করে কাঁটাতার মাঝে রেখে দু’দেশের মানুষ মিলিত হয়। এবছর সেই মেলার কথা ছিল ৬ ডিসেম্বর। কিন্তু বাংলাদেশে অস্থির পরিস্থিতির কারণে এই বছর মেলা নিষিদ্ধ করেছে প্রশাসন। হেমতাবাদের চৈনগর সহ আশপাশের এলাকায় মাইকিং করে প্রশাসনিক সিদ্ধান্ত জানানো হচ্ছে। প্রতি বছর ডিসেম্বরে দুই দেশের মানুষ কিছু সময়ের জন্য কাঁটাতারের দুই প্রান্তে দাঁড়িয়ে মিলন মেলায় শামিল হন। দুই প্রান্ত থেকে উপহার ছুড়ে দেওয়া হয়। কিন্তু এবছর পুরোপুরি বন্ধ রাখা হচ্ছে মিলন মেলা। সীমান্তে বিএসএফের নজরদারি বৃদ্ধির পাশাপাশি কাঁটাতার সংলগ্ন এলাকায় টহল দেবে হেমতাবাদ থানার পুলিস। 
হেমতাবাদ থানার আইসি সুজিত লামা বলেন, এবছর কোনও মেলা বসবে না ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকায়। সীমান্তে যাওয়ার আগেই বাড়তি পুলিস মোতায়েন করা হবে। সীমান্তে ১৪৪ ধারা জারি করা থাকবে। 
বিএসএফ ও প্রশাসনের এই নির্দেশকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারাও। স্থানীয় বাসিন্দা তথা জেলা পরিষদের সদস্য মকলেসা খাতুন বলেন, প্রশাসন দেশের নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নিয়েছে। আমরা সীমান্ত এলাকার বাসিন্দারা এই সিদ্ধান্ত মেনে নিয়েছি। গ্রামে প্রচার করে সিদ্ধান্তের কথা জানানো হচ্ছে। 

Advertisement

 

সম্পর্কিত সংবাদ