Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

হেমতাবাদে তিন দেহ উদ্ধার কাণ্ড: ৪৮ ঘণ্টা জেরার পর গ্রেপ্তার এক

হেমতাবাদে তিন দেহ উদ্ধার কাণ্ড: ৪৮ ঘণ্টা জেরার পর গ্রেপ্তার এক
  • ৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ ও সংবাদদাতা, কালিয়াগঞ্জ: টানা ৪৮ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তার। হেমতাবাদের কেশবপুর গ্রামে একসঙ্গে তিনটি মৃতদেহ উদ্ধারকাণ্ডে আফালুদ্দিন নামে একজনকে গ্রেপ্তার করল পুলিস। যিনি সম্পর্কে মৃত কুতুবুদ্দিন আলির বাবা। মৃত বধূর পরিবার সম্পত্তি বিবাদে খুনের অভিযোগ করেছিল। এদিনের গ্রেপ্তারি সেদিকেই ইঙ্গিত করছে বলে পুলিস সূত্রে খবর। পুলিসের দাবি, জিজ্ঞাসাবাদের সময় ধৃতের কথায় বেশকিছু অসঙ্গতি লক্ষ্য করা যায়। পাশাপাশি মৃত বধূর বাড়ির লোকদের অভিযোগপত্রেও চক্রান্তকারী হিসেবে  ধৃতের নাম উল্লেখ করা হয়েছিল।
Advertisement
হেমতাবাদ থানার পুলিস জানিয়েছে, মঙ্গলবার ধৃতকে গ্রেপ্তার করে জেলা আদালতে হাজির করা হয়। আদালত তিনদিনের জন্য তাঁকে পুলিস হেফাজতে পাঠিয়েছে। ধৃতের বিরুদ্ধে খুন সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।
রবিবার রাতে জেলার বাংলাদেশ সীমান্তবর্তী কেশবপুর গ্রামের দম্পতি কুতুবুদ্দিন আলি, পারভিন ও তাঁদের একমাত্র কন্যাসন্তানের ঝুলন্ত দেহ উদ্ধার হয় একই ঘর থেকে। প্রাথমিকভাবে এই ঘটনায় উঠে আসে আত্মহত্যার তত্ত্ব। কিন্তু সময় যত গড়িয়েছে মৃত্যুকাণ্ড নানা মোড় নিয়েছে। যুক্ত হয়েছে জমিজমা নিয়ে বিবাদ প্রসঙ্গ। পুলিসের দাবি, এখনও অনেক তথ্য পাওয়ার জন্য পুরোদমে তদন্ত চালানো হচ্ছে। তাই আফালুদ্দিনকে গ্রেপ্তার করে আরও জিজ্ঞাসাবাদের জন্য সময় চাওয়া হয় আদালতের কাছে। তিনদিন হেফাজতে পাওয়া গিয়েছে। তথ্যপ্রমাণ সংগ্রহের চেষ্টা চলছে। 
সোমবার পারভিনের বাড়ির লোকেরা হেমতাবাদ থানায় লিখিত অভিযোগে জানিয়েছিলেন, শুধু তাঁদের বাড়ির মেয়েকেই নয়, সঙ্গে জামাই ও ছোট্ট সন্তানকেও খুন করা হয়েছে। পরিবারের অন্য কয়েকজন সদস্যের সঙ্গে জমি ও সম্পত্তি নিয়ে বচসার প্রসঙ্গও উল্লেখ করেছিলেন তাঁরা।
চার বছর বিয়ে হলেও ওই দম্পতির মধ্যে কখনও অশান্তি হতে দেখেননি প্রতিবেশীরা। তাঁদের প্রথম থেকেই সন্দেহ ছিল কুতুবুদ্দিনের নামে থাকা বেশকিছু সম্পত্তি হাতাতেই খুন করে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা হচ্ছে। দ্রুত তদন্তের দাবিতে সোমবার রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছিলেন বাসিন্দারা। বাবা গ্রেপ্তার হওয়ায় তাঁরা মনে করছেন আরও কয়েকজন ধরা পড়বেন এই মামলায়।
সম্পর্কিত সংবাদ