Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

হেমতাবাদে রাজ্য সড়কে ট্রাক্টরের ধাক্কায় ছাত্রের মৃত্যু

হেমতাবাদে রাজ্য সড়কে ট্রাক্টরের ধাক্কায় ছাত্রের মৃত্যু
  • ৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কালিয়াগঞ্জ: দাদার সাইকেলে চেপে স্কুলে যাওয়ার পথে ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হল দ্বিতীয় শ্রেণির ছাত্রের। দুর্ঘটনায় জখম হয়েছে তার দাদা। ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে উত্তেজনা ছড়ায় হেমতাবাদের দুধুন্ডা এলাকার রাজ্য সড়কে। পুলিস জানিয়েছে, মৃত হরিদাস বর্মন (৮) ও জখম রাজেশ বর্মনের (১৪) বাড়ি দুধুন্ডা এলাকায়। মৃতের কাকা অর্জুন বর্মন বলেন, জেঠুর ছেলের সাইকেলের পিছনে বসে স্কুলে যাচ্ছিল হরিদাস। সেই সময় সিমেন্ট বোঝাই একটি ট্রাক্টর পিছন থেকে ধাক্কা মারে। জখমদের উদ্ধার করে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে হরিদাস মৃত বলে জানান চিকিত্সক। জখম রাজেশ সেখানেই চিকিৎসাধীন।  ঘটনার পরেই এলাকায় বসানো হয়েছে পুলিস পিকেট। ট্রাক্টর আটক করা হলেও চালক পলাতক। হেমতাবাদ থানার আইসি সুজিত লামা বলেন, মৃতদেহ ময়নাতদন্ত করা হচ্ছে। ট্রাক্টর আটক করে তদন্ত শুরু হয়েছে। স্থানীয়দের দাবি, দুধুন্ডা এলাকায় কিছুদিন আগেই ছোট গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে এক পাঁচ বছরের শিশুর। অনেক সময় দেখা যায় অপ্রাপ্তবয়স্করা গাড়ি চালাচ্ছে। তা এছাড়া ফুটপাতগুলি দখল হয়ে যাওয়ায় রাস্তা দিয়ে যেতে হচ্ছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ