Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

হেমতবাদ ও রায়গঞ্জ ২ ব্লকে ভুয়ো নিয়োগপত্র সামাজিক মাধ্যমে ভাইরাল  

হেমতবাদ ও রায়গঞ্জ ২ ব্লকে ভুয়ো নিয়োগপত্র সামাজিক মাধ্যমে ভাইরাল
 
  • ১৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ ও সংবাদদাতা, কালিয়াগঞ্জ: সাংগঠনিক পদে রদবদল না হলেও হেমতাবাদ এবং রায়গঞ্জ ব্লক-২ এর একটি ভুয়ো নিয়োগপত্র সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই ভাইরালকাণ্ডে পুলিসের দ্বারস্থ হয়েছে জেলা তৃণমূল কংগ্রেস। ঘটনায় দু’টি অভিযোগ দায়ের হয়েছে। একটি ইসলামপুর এবং অপরটি হেমতাবাদ থানায়। অভিযোগ, ভাইরাল হওয়া ওই ভুয়ো নিয়োগপত্রে উল্লেখ রয়েছে উত্তম চট্টোপাধ্যায় রায়গঞ্জ ব্লক-২ সভাপতি হয়েছেন এবং হেমতাবাদের ব্লক সভাপতি হয়েছেন প্রফুল্লচন্দ্র বর্মন। সেই নিয়োগপত্রে নাকি সই রয়েছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত বক্সির। যদিও জেলা তৃণমূলের সভাপতি কানাইয়ালাল আগরওয়াল স্পষ্ট করেছেন, এই নিয়োগপত্রটি ভুয়ো। আমরা দলীয়ভাবে এব্যাপারে ইসলামপুর থানায় অভিযোগ দায়ের করেছি। এর পিছনে যারাই থাকুক, তাঁদের খুঁজে পুলিস ব্যবস্থা নিক। অন্যদিকে, সোশ্যাল মিডিয়ার ভাইরাল হওয়া হেমতাবাদের ব্লক সভাপতির নিয়োগপত্র নিয়ে হেমতাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তৃণমূল কংগ্রেসের হেমতাবাদ ব্লক সভাপতি আশরাফুল আলি। 
Advertisement
বৃহস্পতিবার রাতে বিষয়টি লিখিতভাবে হেমতাবাদ থানায় জানিয়েছেন তিনি। আশরাফুল বলেন, হেমতাবাদ ব্লকে তৃণমূল কংগ্রেস দলের সভাপতির দায়িত্বে রয়েছি। যে নিয়োগপত্র সোশ্যাল মিডিয়ায় ঘুরছে তা নকল। কেউ ষড়যন্ত্র করে কর্মীদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। এদিকে এই নিয়োগপত্র ছড়িয়ে পড়ায় কর্মীরাও বিভ্রান্ত হচ্ছেন। তারাও ঘটনার উপযুক্ত তদন্ত দাবি করেছেন। 
এই ব্যাপারে হেমতাবাদ থানার আইসি সুজিত লামা বলেন, অভিযোগ থানায় জমা পড়তেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। কোথা থেকে ভুয়ো নিয়োগপত্রটি ভাইরাল হল তা জানার চেষ্টা চলছে।
সম্পর্কিত সংবাদ