Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

হেমতাবাদ ব্লক তৃণমূলের চেয়ারম্যান অপসারিত

হেমতাবাদ ব্লক তৃণমূলের চেয়ারম্যান অপসারিত
  • ৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কালিয়াগঞ্জ: দলবিরোধী কার্যকলাপের অভিযোগে হেমতাবাদ ব্লক তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হল নারায়ণ চন্দ্র দাসকে। সোমবার হেমতাবাদে দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে একথা জানান ব্লক তৃণমূল সভাপতি আশরাফুল আলি। এনিয়ে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। নারায়ণবাবু দীর্ঘদিন ধরে দলের সৈনিক হিসেবে পরিচিত। তিনি দলের প্রতীকে পঞ্চায়েতে জনপ্রতিনিধিও ছিলেন। আশরাফুল আলি বলেন, আট মাস আগে নারায়ণবাবুকে ব্লক কমিটির চেয়ারম্যান পদে বসানো হয়েছিল। কিন্তু সম্প্রতি দলের কর্মসূচিতে তিনি অনুপস্থিত থাকেন। দলীয় কর্মসূচি নিয়ে দলবিরোধী মন্তব্য করেন। সেজন্যই ব্লক কমিটি তাঁকে পদচ্যুত করার সিদ্ধান্ত নিয়েছে। অপরদিকে নারায়ণবাবু বলেন, দলের সমস্ত কাজে আমি উপস্থিত থাকি। তৃণমূল আমার রক্তে মিশে আছে। আমি মমতা বন্দোপাধ্যায়, অভিষেক বন্দোপাধ্যায়ের অনুগত সৈনিক। আমাকে শো-কজ করা হয়নি। কী কারণে সরান হল তা অজানা। দলের তরফে আমাকে কিছুই জানানো হয়নি। দলের পদ ব্যক্তিগত নয়। আমাকে পদ থেকে সরানো হলেও তৃণমূল দলই করব। আমি জেলা নেতৃত্বের কাছে কারণ জানতে চাইব। 
Advertisement
সম্পর্কিত সংবাদ