সংবাদদাতা, কালিয়াগঞ্জ: আগে গোরু, ছাগলকে কামড়াত শিয়াল। এবারে লোকালয়ে ঢুকে মানুষকে আক্রমণ করছে শিয়াল। কামড়ে জখম করে দিচ্ছে। স্থানীয়রা জানান, এদিন হেমতাবাদ ব্লকের সমাসপুরের ১০ জনকে কামড়ে নেয় শিয়াল। শিয়ালের কামড়ে জখম হেমতাবাদের দুই মহিলা হেমতাবাদ হাসপাতালে চিকিৎসাধীন। আতঙ্কে জনতা একটি শিয়ালকে রবিবার সন্ধ্যায় পিটিয়ে মেরে ফেলে বলে অভিযোগ। বন্যপ্রাণী পিটিয়ে মেরে ফেলায় এলাকায় শোরগোল পড়ে গিয়েছে। বনদপ্তরের হেমতাবাদের রেঞ্জ অফিসার সঞ্জীব সাহা বলেন, বন্যপ্রাণীকে হত্যা করা যায় না। বিষয়টি ভালো করে খোঁজ নিচ্ছি। যারা এই কাজ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এদিন মহিবানু খাতুন ও মজিদা খাতুন বাড়ির ভিতরেই ছিলেন। আচমকাই দুই বাড়িতে একটি শিয়াল হামলা চালায়। হাতে, পিঠে আঁচড় দেওয়ার পাশাপাশি কামড়ে নেয় মহিবানু ও মজিদাকে। তাঁদের হেমতাবাদ হাসপাতালে ভর্তি করা হয়। কয়েকদিন ধরে শিয়ালের আতঙ্কে গ্রামবাসী। এলাকার বাসিন্দা মহম্মদ রাহুল বলেন, এদিনও গ্রামে সকাল থেকেই শিয়ালের উৎপাত শুরু হয়। এলাকার বাসিন্দাদের দাবি, কাজের সময় ডাকলে বনকর্মীদের পাওয়া যায় না। ভয়ে ও আতঙ্কে শিয়ালটিকে পিটিয়ে মেরে ফেলেছে কয়েকজন। বনদপ্তরের হেমতাবাদের রেঞ্জ অফিসার জানান, শিয়াল গ্রামে হামলা চালিয়েছে এটা আমাদের জানানো হয়নি।



