Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

হিমঘরে তালা মেরে বেপাত্তা মালিকপক্ষ, ঋণের পাহাড়, সিল করল ব্যাঙ্ক

হিমঘরে তালা মেরে বেপাত্তা মালিকপক্ষ, ঋণের পাহাড়, সিল করল ব্যাঙ্ক
  • ১৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, ধূপগুড়ি: ব্যাঙ্ক ঋণ মেটাচ্ছিল না মালিকপক্ষ। এদিকে ব্যাঙ্ক থেকে বারে বারে নোটিস দেওয়া হলেও টাকা শোধ করতে না পারায় অবশেষে ধূপগুড়ির একটি হিমঘরের মালিকপক্ষ হিমঘরে তালা ঝুলিয়ে বেপাত্তা হয়ে গেল। জলপাইগুড়ি জেলায় অন্যতম বড় হিমঘর এটি। এমন অবস্থায় আলুর মরশুমে কর্মহীন হয়ে পড়লেন কর্মচারীরা। শুক্রবার সকালে ব্যাঙ্ক কর্তৃপক্ষ হিমঘরে এসে মালিকপক্ষের দেখা না পেয়ে গেট সিল করে দিয়ে যায়। অশান্তি এড়াতে ঘটনাস্থলে ছিলেন ধূপগুড়ির এসডিপিও গেইলসেন লেপচা, ধূপগুড়ি থানার আইসি অনিন্দ্য ভট্টাচার্য সহ বিরাট পুলিস বাহিনী। এই হিমঘরে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের চাষিরা ছাড়াও পাশ্ববর্তী এলাকার চাষিরা আলু রাখেন। এখনও প্রচুর আলু মজুত রয়েছে। এমন অবস্থায় মাথায় হাত পড়েছে কৃষকদের। মালিকপক্ষের কেউ না থাকায় তাঁদের প্রতিক্রিয়া মেলেনি। তবে সংশ্লিষ্ট রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের তরফে পি কে উপাধ্যায় বলেন, ‘প্রায় ১৫ কোটি টাকা ঋণ রয়েছে। বারে বারে জানানো হলেও বকেয়া মেটানো হচ্ছিল না। তাই আমরা এদিন হিমঘরটি সিল করে দিয়েছি।’ এদিন হিমঘরের দুই মালিককে ফোন করা হয়েছিল। কিন্তু তাঁদের ফোন স্যুইচ অফ পাওয়া যায়। হিমঘরের শ্রমিক ইউনিয়নের সভাপতি জগদীশ রায় বলেন, মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চলছে। কোল্ড স্টোরেজের জলপাইগুড়ি জেলা কমিটির অন্যতম সদস্য কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, বিষয়টি চিন্তার হলেও একটা পথ বের করার চেষ্টা চলছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ