নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: এলাকার চাহিদার সঙ্গে সাযুজ্য রেখে হিমঘর থেকে আলু বের করতে হবে। বেশি করে আলু বের করে বাইরে পাঠানোর চেষ্টা হলেই কড়া ব্যবস্থা নেবে প্রশাসন। শুক্রবার আলু ব্যবসায়ী ও হিমঘর মালিকদের নিয়ে বৈঠক করে এমনই নির্দেশ দিলেন জলপাইগুড়ির অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) পুষ্পক রায়। তিনি বলেন, হিমঘর মালিকদের রেকর্ড ঠিক রাখতে বলা হয়েছে। কারা আলু বের করছেন, কতটা আলু বের হচ্ছে, তা খতিয়ে দেখতে প্রশাসনের টিম আচমকা হিমঘরে হানা দেবে। একইসঙ্গে আলু ব্যবসায়ীদের সাফ জানিয়ে দেওয়া হয়েছে, এখন বাইরে আলু পাঠানো যাবে না। এনিয়ে নজরদারি চালাতে পুলিসকেও সক্রিয় হতে বলা হয়েছে।
Advertisement
অতিরিক্ত জেলাশাসক বলেন, বীজআলু বেরতে পারে। তবে তা বীজআলুর নাম করে যদি কেউ আলু ভিনরাজ্যে বা বাইরে কোথাও পাঠানোর চেষ্টা করেন, সেক্ষেত্রে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেব আমরা। পাশাপাশি বাজারে আনাজপাতির দাম নিয়ন্ত্রণে টাস্ক ফোর্সের অভিযান আরও বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।



