Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

হিমাচল প্রদেশের মহিলার নাম দাঁইহাটের ভোটার তালিকায়! 

হিমাচল প্রদেশের মহিলার নাম দাঁইহাটের ভোটার তালিকায়! 
  • ৩ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
অনিমেষ মণ্ডল, কাটোয়া: বাবার থেকে মেয়ে বয়সে বড়! ভোটার তালিকায় সেরকমই দেখা যাচ্ছে। এমন আজব কাণ্ডে দাঁইহাটবাসী হতবাক। তৃণমূলের দাবি, পায়েল ভাটিয়া ভুয়ো ভোটার। মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় নেতৃত্বকে ভুয়ো ভোটার ধরতে বলেছেন। নেত্রীর ঘোষণার পরেই দলের নেতারা বাড়ি বাড়ি ঘুরছেন। তবে দাঁইহাটে তৃণমূলের দাবি করা ভুয়ো ভোটার নিয়ে রয়েছে বিস্তর বিতর্ক। যে মহিলার নাম নিয়ে ধন্দ, সেই পায়েল ভাটিয়া আদতে হিমাচল প্রদেশের বাসিন্দা। ভোটার তালিকায় তাঁর বাবা হিসেবে দেখানো হয়েছে দাঁইহাটের বাসিন্দা রাহুল বণিককে। রাহুলের দাবি, তিনি নাকি বিয়েই করেননি। দাঁইহাটের ভোটার তালিকায় পায়েলের নাম ওঠা নিয়ে সরব হয়েছেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। তিনি শুক্রবার সেই ভোটার তালিকা প্রকাশ্যে আনেন। রবীন্দ্রনাথ বলেন, বিজেপি দিল্লি, মধ্যপ্রদেশে ভুয়ো ভোটার তালিকা করে ক্ষমতায় এসেছে। এ রাজ্যেও সেই চেষ্টা করছে। তাই দাঁইহাটের ভোটার তালিকায় হিমাচল প্রদেশের মহিলার নাম দেখা গিয়েছে। আমরা দল ও নির্বাচন কমিশনে নালিশ জানাব। তৃণমূলের অভিযোগ, দাঁইহাটের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাহুল বণিকের বয়স ভোটার তালিকায় লেখা রয়েছে ৩৩ বছর। আর তাঁর একই পার্টে পায়েল ভাটিয়া নামে এক মহিলাকে রাহুলের মেয়ে হিসেবে দেখানো হয়েছে। সেখানে পায়েলের বয়স লেখা রয়েছে ৩৪ বছর। এই নিয়ে যখন শোরগোল তখন রাহুলের মা সুনন্দা বণিকের দাবি, পায়েল ভাটিয়া ভিন রাজ্যের বাসিন্দা হলেও ২০১৯ সালে তাঁর ছেলেকে নাকি বিয়ে করেছিলেন। সুনন্দার মেয়ের বান্ধবী হিসাবে পায়েল দাঁইহাট শহরে আসেন। বণিক বাড়িতেই উঠেছিলেন। তখনই নাকি পায়েল ও রাহুলের রেজিস্ট্রি বিয়ে হয়েছিল। সেইসব বিয়ের নথি দেখিয়ে ভোটার তালিকায় নাম তুলেছিলেন পায়েল। তখনই রাহুলকে পায়েলের স্বামী হিসেবে না দেখিয়ে ভুল করে বাবা দেখানো হয়েছিল ভোটার তালিকায়। আমরা আবেদন পত্র জমা দিয়েই বউমার নাম ভোটার তালিকায় তুলেছিলাম। কিন্তু এখন আমার ছেলে আর ওই মেয়ের সঙ্গে থাকে না। রাহুল বণিক বলেন, আমি এসব বিষয়ে কিচ্ছু জানি না। আমি কলকাতায় রয়েছি। তবে আমি এখন বিবাহিত নই। কাটোয়ার মহকুমা শাসক অহিংসা জৈন বলেন, পায়েল ভাটিয়া হিমাচল প্রদেশের বাসিন্দা হলেও দাঁইহাটে তাঁর শ্বশুড়বাড়ি। সেই হিসেবে তাঁর নাম ভোটার তালিকায় উঠেছিল। বিএলওকে সব নথি দেখিয়ে ও আবেদন করেই তালিকায় নাম তোলা হয়েছিল। কিন্তু বর্তমানে কিছু সমস্যা থাকার জন্য ওই মহিলা আর দাঁইহাটে থাকেন না। কেন থাকেন না তিনি, তা আমরা তদন্ত করে দেখব। তবে ওই মহিলার যে দাঁইহাটে শ্বশুরবাড়ি তা আমরা তদন্ত করে জেনেছি। বিজেপির সাংগঠনিক কাটোয়া জেলার সভাপতি গোপাল চট্টোপাধ্যায় বলেন, তৃণমূল ভুয়ো ভোটারের নামে আসল ভোটারের নাম কাটার চক্রান্ত করছে। আমরা সেটা হতে দেব না। প্রয়োজন হলে আমরাও নির্বাচন কমিশনের কাছে দ্বারস্থ হব। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ