Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

হেলমেটহীন বাইক চালকদের নিয়ে চিন্তায় চাঁচলের পুলিস

হেলমেটহীন বাইক চালকদের নিয়ে চিন্তায় চাঁচলের পুলিস
  • ৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, চাঁচল: মালদহের চাঁচলে ঘনঘন সড়ক দুর্ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে প্রশাসনিক মহলে। সচেতনতার অভাবেই দুর্ঘটনা ঘটছে বলে দাবি পুলিসের। মঙ্গলবার রাতে ৩১ নং জাতীয় সড়কের বীরস্থলীতে পথ দুর্ঘটনায় গুরুতরভাবে জখম হন মালাহারের অনিমেষ ঘোষ। চাঁচলের বাইক চালিয়ে আসার সময় ছোটোগাড়ির ধাক্কায় জখম হন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
Advertisement
তিনি মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বুধবার বিকেলে ফের এক বাইকচালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরির চাকায় ঢুকে পড়েন। বাইকটি দুমড়ে মুচড়ে গেলেও বরাত জোরে রক্ষা পান যুবকটি। পুলিস জানায়, জখম যুবক শেখ আসলাম শীতলপুর চকবাজারের বাসিন্দা। তিনি চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। গত সোমবার বাইকের ধাক্কায় এক পথচারীর মৃত্যু হয় চাঁচলের কবিলহাটে। বারবার সড়ক দুর্ঘটনায় উদ্বেগে রয়েছে পুলিস ও প্রশাসন। 
পুলিসের দাবি, সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে সচেতন করা হলেও কিছু মানুষ অসচেতন। বেপরোয়াভাবে হেলমেট মাথায় না দিয়ে বাইক চালাচ্ছেন। দুর্ঘটনা কবলিতদের মাথায় হেলমেট থাকছে না। সড়কপথের বিভিন্ন রুটে পুলিসের তরফে প্রতিদিন ৪০ জনেরও বেশি চালককে জরিমানা করা হলেও অসচেতন। সড়কপথের বিভিন্ন এলাকায় গতি নিয়ন্ত্রণের জন্য স্পিড ব্রেকার ও ট্রাফিক ব্যারিয়ার বসানো হয়েছে। তবুও দ্রুত গতিতে যুবকরা বাইক নিয়ে ছুটছেন। দুর্ঘটনা রুখতে এবার বিশেষ পদক্ষেপ নেওয়া হবে বলে চাঁচল থানার এক আধিকারিক জানিয়েছেন। এদিকে, বারবার দুর্ঘটনায় জাতীয় সড়কের ধারে আলোর ব্যবস্থা সহ একাধিক দাবি নিয়ে মহকুমা প্রশাসনের কাছে বুধবার স্মারকলিপি তুলে দেন স্থানীয় যুবকরা। এক ছাত্রনেতা বাবু সরকার বলেন, বাইপাসের দু’ধারে রাতে ঘুটঘুটে অন্ধকার থাকে। পথে আলোর ব্যবস্থা করা হলেও কিছুটা হলে দুর্ঘটনা নিয়ন্ত্রণে আসবে। মহকুমাশাসকের কাছে সেই আবেদন রেখেছি। চাঁচলের মহকুমা শাসক শৌভিক মুখোপাধ্যায় বলেন, দাবিপত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠানো হয়েছে। 
সম্পর্কিত সংবাদ