Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

হলদিয়ার কিশোরীকে দিল্লির পতিতালয়ে বিক্রির ঘটনায় ৬ জনের কারাদণ্ড

হলদিয়ার কিশোরীকে দিল্লির পতিতালয়ে বিক্রির ঘটনায় ৬ জনের কারাদণ্ড
  • ৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, হলদিয়া: হলদিয়ার এক কিশোরীকে দিল্লির পতিতালয়ে বিক্রির ঘটনায় শুক্রবার ছ’জনকে কারাদণ্ডের নির্দেশ দিল হলদিয়া মহকুমার পকসো আদালত। মহকুমা আদালতের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জজ(পকসো) ওই নির্দেশ দিয়েছেন। ঘটনায় মূল দোষী শাহ জামাল মোল্লাকে হলদিয়ার বিশেষ পকসো আদালতের বিচারক আজীবন কারাবাসের দণ্ড দিয়েছেন। আর এক দোষী শালু সিংকে আদালত ২০ বছরের কঠোর সাজার নির্দেশ দিয়েছেন। বাকি চার দোষী প্রবীণ কুমার ওরফে রিঙ্কু, মনীষা, মেরি এবং শেহনাজ বেগম ওরফে ইন্দুকে ১২ বছরের সাজা ঘোষণা করা হয়েছে। নির্যাতিতাকে ৩ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক। আদালত সূত্রে জানা গিয়েছে, এটি ২০১৭ সালের অক্টোবর মাসের ঘটনা। ২০১৭ সালের ২৬ অক্টোবর হলদিয়া থানায় কিশোরীকে পাচার করে দেওয়ার অভিযোগ করেছিল পরিবার। পরে ওই কিশোরী উদ্ধার হয়। হলদিয়া থেকে কাজের লোভ দেখিয়ে ১৬ বছরের কিশোরীকে দিল্লির একটি পতিতালয়ে বিক্রি করে দেওয়া হয়। দু’তিনটি পতিতালয়ে তাকে পরপর বিক্রি করা হয়। ওই মামলার তদন্ত করছিল সিআইডি। বিভিন্ন সূত্র ধরে সিআইডি যখন দিল্লি পৌঁছে জোরদার তদন্ত করছিল সেইসময় ধরা পড়ার ভয়ে ওই কিশোরীকে নন্দকুমারে এসে ছেড়ে দিয়ে যায় ওই অভিযুক্তরা। ওইসময় তারা কিশোরীকে শাসিয়ে গিয়েছিল, মুখ খুললে জীবন সংশয় হবে। ফলে বাড়ি ফিরলেও ভয়ে মুখ খোলেনি কিশোরী। পরে তদন্ত করে সাতজনকে বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করে সিআইডি। ধৃতদের মধ্যে ছ’জনের সাজা হয়েছে, বাকি একজন বেকসুর খালাস হয়ে গিয়েছে। মামলার বিশেষ সরকারি আইনজীবী দেবরঞ্জন বন্দ্যোপাধ্যায় বলেন, ঘটনার সাত বছর পর দোষীরা দৃষ্টান্তমূলক শাস্তি পেয়েছে। ওই ঘটনায় জড়িত আরও দু’জন এখনও অধরা রয়েছে। সিআইডি এই মামলায় মূল দোষীদের গ্রেপ্তার করতে পেরেছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ