Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

হলদিয়ায় শ্রীরামকৃষ্ণের আবির্ভাব তিথি 

হলদিয়ায় শ্রীরামকৃষ্ণের আবির্ভাব তিথি 
  • ২ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, হলদিয়া: শনিবার হলদিয়া রামকৃষ্ণ সারদা মিশন আশ্রমে সাড়ম্বরে শ্রীরামকৃষ্ণদেবের ১৯০তম আবির্ভাব তিথি ও ভাবধারা প্রচার উৎসব পালিত হল। দুর্গাচক সংলগ্ন রামকৃষ্ণ সারদা মিশন আশ্রমের সারদাতীর্থ ভবন প্রার্থনাকক্ষে এই অনুষ্ঠান হয়। ভোরে মঙ্গলারতি, বেদ ও গীতা পাঠ এবং  স্তবগানের মধ‍্যদিয়ে জন্মতিথি উৎসবের মাঙ্গলিক সূচনা হয়। সকাল ৮টা থেকে শুরু হয় বিশেষ পুজোপাঠ, পুষ্পাঞ্জলি, হোম ও ভোগরাগ নিবেদন। এই মিশন আশ্রমের পরিচালনায় পুর এলাকায় সামাজিক ও আর্থিকভাবে পিছিয়ে পড়া পথশিশু এবং পরিচারিকার বাচ্চাদের নিয়ে ২০২০সালে গড়ে উঠেছিল মানবিক উৎকর্ষ বিকাশ কর্মসূচি। মূল্যবোধের পাশাপাশি স্বনির্ভর হওয়ার শিক্ষা দেওয়া হয়। তিথিপুজোর বিশেষ দিনে ওই শিশুরা নানা দায়িত্ব নেয়। রামকৃষ্ণদেবের প্রতিকৃতি সাজানো, ভোগ তৈরিতে অংশগ্রহণ, পুজোয় সহযোগিতা করা থেকে প্রসাদ বিতরণ এবং সারদিন ধরে ভক্তিগীতি পরিবেশন করে। এদিন ভক্তদের শ্রীরামকৃষ্ণ লীলা প্রসঙ্গ পাঠ ও ব্যাখ্যা এবং ভক্তিগীতি পরিবেশন  করেন দেবীশঙ্কর চট্টোপাধ্যায়। দুপুরে ভক্তদের প্রসাদ খাওয়ানোর ব‍্যবস্থা হয়। বিকেলে মিশন পরিচালিত নেত্রালয় চোখের হাসপাতালে রামকৃষ্ণদেবের জীবন ও বাণী নিয়ে আলোচনা সভা হয়। অনুষ্ঠানে অতিথি ছিলেন মহিষাদলের ভারত সেবাশ্রম সঙ্ঘের অধ্যক্ষ স্বামী গৌতমানন্দজি মহারাজ, হলদিয়ার বিশিষ্ট উদ্যোগী রীনা বিশ্বাস। অনুষ্ঠানে রামকৃষ্ণ সারদা মিশন আশ্রম সাধারণ সম্পাদক স্বামী বিবেকাত্মানন্দজি মহারাজ রামকৃষদেবের জীবন ও আদর্শ তুলে ধরেন। তিনি বলেন, রামকৃষ্ণদেবের ভাবধারা ও তাঁর বাণী এবং জীবন আগামী প্রজন্মের শিশুদের কাছে বেশি করে গল্পের আকারে তুলে ধরতে হবে। তাঁর জীবনের নানানদিক নিয়ে বই পড়ার অভ্যাস তৈরি করা জরুরি। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ