Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

হলদিয়ায় ব্যাটারি কারখানায় শ্রমিক বিক্ষোভ

হলদিয়ায় ব্যাটারি কারখানায় শ্রমিক বিক্ষোভ
  • ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, হলদিয়া: শ্রমিক বিক্ষোভের জেরে শনিবার হলদিয়ার বেসরকারি ব্যাটারি কারখানা চত্বর উত্তাল হল। শ্রমিকদের অভিযোগ, এক স্থায়ী কর্মীকে গালিগালাজ করেন এক আধিকারিক। ওই কর্মীকে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে। নাইট ডিউটির কাজের জন্য বাকবিতণ্ডা থেকেই গণ্ডগোল বাধে। ওই কর্মী পর পর ৯দিন নাইট ডিউটি করেছেন। এদিন দুপুরে ফের ওই স্থায়ী কর্মীকে নাইট শিফটে কাজে বাধ্য করতে ওই আধিকারিক গালিগালাজ করেন বলে অভিযোগ উঠেছে। ওই কর্মী পরপর নাইট ডিউটি করায় বিরতি চাইছেন। ফের সোমবার থেকে নাইট শুরু হচ্ছে। তাছাড়া তাঁর মা অসুস্থ রয়েছেন। কিন্তু ওই আধিকারিক কোনও কথাই শুনতে চাননি। তিনি শ্রমিকদের সামনে গালিগালাজ ও হুমকি দিতেই ক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা। ওই ঘটনার প্রতিবাদ জানিয়ে কারখানার কয়েকশো স্থায়ী ও অস্থায়ী শ্রমিক সংস্থার প্রশাসনিক ভবন ঘেরাও করে বিক্ষোভ দেখান। প্রায় দেড়-দু’ঘণ্টা ধরে বিক্ষোভ চলে। শ্রমিকরা হলদিয়ার ডেপুটি লেবার কমিশনারকেও লিখিত অভিযোগ করেন। শেষ পর্যন্ত ওই আধিকারিক লিখিত মুচলেকা দিয়ে শ্রমিক কর্মচারীদের কাছে ক্ষমা চাওয়ার পরই বিক্ষোভ ওঠে। কারখানা কর্তৃপক্ষ এবিষয়ে মুখ খুলতে চায়নি। কারখানার উৎপাদন ব্যাহত হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 
Advertisement
হলদিয়ার ডেপুটি লেবার কমিশনার সুদীপ্ত সামন্ত বলেন, কারখানায় শ্রমিকদের ঝামেলার বিষয়টি নজরে এসেছে। তবে সমস্যা মিটে গিয়েছে। শ্রমিকরা এদিন বিক্ষোভের সময় কারখানার কয়েকজন আধিকারিকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। শ্রমিক-কর্মচারীদের চাপ দিয়ে বাড়তি কাজ করানো নিয়ে শ্রমদপ্তরের কাছেও তাঁরা একাধিকবার অভিযোগ করেছেন। পাশাপাশি নতুন বেতনচুক্তি নিয়েও সরব হয়েছে শ্রমিকরা। 
Advertisement
সম্পর্কিত সংবাদ