সংবাদদাতা, সাঁইথিয়া: অবশেষে অতিরিক্ত বৃষ্টিতে ভেঙে যাওয়া হিংলো নদীর কান্দরের কালভার্ট নতুন করে গড়তে উদ্যোগী হল দুবরাজপুর ব্লক প্রশাসন। এদিন ওই ভাঙা কালভার্ট পরিদর্শন করেন বিডিও রাজা আদক, দুবরাজপুর পঞ্চায়েত সমিতির সভাপতি বুদ্ধদেব হেমব্রম, বন ও ভূমি কর্মাধ্যক্ষ রফিউল হোসেন খান প্রমুখ। দুবরাজপুর ব্লকের লোবা পঞ্চায়েতের জোপলাই গ্রাম থেকে দেবীপুর চর যেতে হলে ওই কালভার্ট পেরতে হয়। সেপ্টেম্বর মাস নাগাদ প্রবল বৃষ্টিতে কালভার্টটি ভেঙে যায়। এটি দেবীপুর চর থেকে দুবরাজপুর আসার একমাত্র রাস্তা। ফলে বহু মানুষ সমস্যায় পড়েছে। ৫ ডিসেম্বর এই সমস্যার বিষয়ে ‘বর্তমান’ পত্রিকায় ছবি সহ খবর প্রকাশিত হয়। এর কিছুদিনের মধ্যেই ব্লক প্রশাসনের তরফে এলাকা পরিদর্শন হল। দুবরাজপুরের বিডিও রাজা আদক বলেন, সেপ্টেম্বর মাস নাগাদ বৃষ্টিতে এই কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছিল। এর জেরে গ্রামের বাসিন্দারা যাতায়াত সমস্যায় পড়েছিলেন। আমরা এদিন এলাকা সরেজমিনে পরিদর্শন করলাম। ভূমি ও ভূমিসংস্কার দপ্তরের আধিকারিকদের সঙ্গে আলোচনা করব। কালভার্টটা কতটুকু সরিয়ে তৈরি করলে ভালো হয়, ম্যাপ দেখে সেবিষয়ে সুনিশ্চিত হলাম।



