সংবাদদাতা, লালবাগ: হাজারদুয়ারি প্রাসাদ থেকে ঢিল ছোঁড়া দূরত্বে চকবাজার এলাকায় প্রাচীন কালীমন্দির থেকে মূর্তি চুরির কয়েক ঘণ্টার মধ্যেই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিস। তাদের বাড়ি মুর্শিদাবাদ থানা এলাকায়। ধৃতদের সোমবার লালবাগ মহকুমা আদালতে তোলা হলে বিচারক তিন দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন। কালীমন্দিরে চুরির ঘটনায় সাবেক নবাবের শহরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। লালবাগ মহকুমা পুলিস আধিকারিক আকুলকর রাকেশ মহাদেব বলেন, মন্দিরে চুরির ঘটনায় রবিবার রাতে মুর্শিদাবাদ স্টেশন এলাকা থেকে প্রথমে একজনকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে পরে অপরজনকে ধরে পুলিস। তাদের কাছ থেকে চুরি করা কালীমূর্তি ও অন্যান্য জিনিসপত্র উদ্ধার করা হয়। এই চুরির ঘটনায় আর কেউ যুক্ত রয়েছে কিনা তা জানার চেষ্টা করছে পুলিস।
Advertisement
লালবাগের চকবাজারে অবস্থিত শহরের অন্যতম প্রাচীন কালীমন্দির। শহরবাসীর দাবি, মন্দিরটি প্রায় তিনশো বছরের প্রাচীন। রবিবার ভোরে ওই মন্দির থেকে প্রায় এক ফুট উচ্চতার পিতলের কালীমূর্তি চুরি যায়। সকালে মন্দিরের পাশের বাড়ির এক ব্যক্তি প্রণাম করতে এসে দেখেন পিতলের কালীপ্রতিমা নেই। তিনিই মন্দির কমিটি ও এলাকাবাসীকে খবর দেন। খবর পেয়ে কমিটির সদস্যরা মন্দিরে আসেন। খবর দেওয়া হয় মুর্শিদাবাদ থানায়। পুলিস এসে তদন্তের পাশাপাশি মন্দিরের সিসিক্যামেরা ফুটেজ সংগ্রহ করে নিয়ে যায়। সিসিক্যামেরা ফুটেজে দেখা যায় রবিবার ভোরে একজন যুবক মন্দিরে ঢুকছে। তারপর মন্দিরে প্রণাম করে এবং কালীমূর্তিটি নিয়ে বেরিয়ে যায়। মন্দির কমিটির সহ সম্পাদক রাহুল মণ্ডল বলেন, মায়ের গলায় সোনার হার ছিল। হাতে চাঁদির খাঁড়া এবং মাথায় চাঁদির মুকুট ছিল। সমস্ত কিছু নিয়ে পালায় দুষ্কৃতীরা। মুর্শিদাবাদ হেরিটেজ অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট সোসাইটির সম্পাদক স্বপন ভট্টাচার্য বলেন, এর আগেও মন্দিরে চুরি হয়েছিল। সেবার ফ্যান সহ বিভিন্ন জিনিসপত্র নিয়েছিল দুষ্কৃতীরা। এবার মাকেই নিয়ে পালিয়েছিল। তবে পুলিসকে ধন্যবাদ চুরির কয়েক ঘণ্টার মধ্যেই কালীমূর্তি সহ দুষ্কৃতীদের ধরার জন্য।



