নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: দল এবং প্রমোটারি একসঙ্গে নয়। দলনেত্রীর এই নির্দেশ বুড়ো আঙুল দেখিয়ে দুই কাজ একসঙ্গে তো চলছেই, সেইসঙ্গে চলছে জমি দখল এবং নয়ানজুলি ভরাটের কারবারও। এবার রানাঘাটের হিজুলিতে এমনই এক তৃণমূল নেতা তথা প্রোমোটারের নয়ানজুলি ভরাটের প্রতিবাদ করে আক্রান্ত হল গোটা পরিবার। অভিযুক্ত তৃণমূল নেতা মারধর করে হাত ভেঙে দেয় প্রতিবাদী পরিবারের অশীতিপর বৃদ্ধার। এছাড়াও ওই পরিবারের মহিলা সদস্যদের শ্লীলতাহানির অভিযোগও উঠেছে অভিজিৎ সরকার নামে ওই তৃণমূল নেতার বিরুদ্ধে। গোটা ঘটনাটি নিয়ে ধানতলা থানায় অভিযোগ দায়ের হলেও কাউকেই গ্রেপ্তার করতে পারেনি পুলিস।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার হিজুলি ২ পঞ্চায়েত এলাকার হালালপুরে একটি নয়ানজুলি ভরাট করতে মাটি ফেলছিল প্রোমোটার তথা তৃণমূল নেতা অভিজিৎ সরকার। ঠিক তার পাশেই বাড়ি আক্রান্ত অসীম বিশ্বাসের। একসময় তাঁর পরিবার এক আত্মীয়কে সেই জমিটি বিক্রি করলেও তার সঙ্গে টাকা পয়সা নিয়ে দ্বন্দ্ব ছিল। ফলে অভিযুক্ত অভিজিৎ সেই জমি অসীমের আত্মীয়ের কাছ থেকে কিনে নিলেও দু’ পক্ষের মধ্যে জমিটির দখল নিয়ে টানাপোড়েন চলছিল। বুধবার সেই নয়ানজুলি মাটি ফেলে ভরাট করতে লোকজন নিয়ে যায় দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা তথা প্রোমোটার অভিজিৎ সরকার। জমি নিয়ে বিবাদ থাকায় ভরাট করতে বারণ করেন অসীম বিশ্বাস ও তাঁর পরিবার। অভিযোগ, এরপরেই দলবল নিয়ে অসীম বিশ্বাসের পরিবারের উপর ঝাঁপিয়ে পড়ে অভিজিৎ। বেধরক মারধর করা হয় তাঁদের। মারধরে হাত ভেঙে যায় অসীমের মা অশীতিপর সবিতা বিশ্বাসের। গুরুতর জখম হন অসীম নিজেও। তাঁরা দুজনেই বর্তমানে ভর্তি রানাঘাট মহকুমা হাসপাতালে। অভিজিৎ ও তার দলবলের বিরুদ্ধে অসীমের পরিবারের মহিলা সদস্যদের শ্লীলতাহানির অভিযোগও উঠেছে। গোটা ঘটনাটি জানিয়ে ধানতলা থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগে অভিজিৎ ছাড়াও নাম রয়েছে পরিমল সরকার এবং নিখিল দেব নামে স্থানীয় আরও দুই ব্যক্তির।



