নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: চা শ্রমিকদের আন্দোলনের জেরে অবশেষে হস্তক্ষেপ করল শ্রমদপ্তর। দার্জিলিং পাহাড়ের চা শ্রমিকদের একাংশ বোনাসের দাবিতে পাতা তোলা বন্ধ রেখে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। পরিস্থিতি সামাল দিতে শ্রমমন্ত্রী মলয় ঘটক হস্তক্ষেপ করেছেন। আগামী ৩ এপ্রিল শিলিগুড়ির স্টেট গেস্ট হাউসে বৈঠক আহ্বান করা হয়েছে।
অতিরিক্ত শ্রম কমিশনার শ্যামল দত্তের জারি করা বিজ্ঞপ্তিতে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন এলাকায় সক্রিয় আটটি ট্রেড ইউনিয়নকে আলোচনায় যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এই বৈঠক গত বছরের ১৬ নভেম্বর শিলিগুড়িতে অনুষ্ঠিত যৌথ সভার ধারাবাহিকতা হিসেবে অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, গত বছরের ৬ নভেম্বর শ্রমদপ্তর কলকাতায় প্রথম বৈঠক ডেকেছিল। কিন্তু চা বাগানের মালিকরা বৈঠকে অনুপস্থিত ছিলেন। ফলে ১৬ নভেম্বর ফের শিলিগুড়িতে আলোচনার আয়োজন করতে হয়। ২০২৩-’২৪ অর্থবর্ষের পুজো বোনাস নিয়েই সমস্যা। শ্রমিক ও ট্রেড ইউনিয়নগুলি ২০ শতাংশ বোনাসের দাবি করলেও মালিকপক্ষ তা মানতে অস্বীকার করে। এনিয়ে ব্যাপক বিক্ষোভ, ধর্মঘট হয়। শেষ পর্যন্ত রাজ্য সরকার হস্তক্ষেপ করে ১৬ শতাংশ হারে বোনাস দেওয়ার পরামর্শ দেয়। বেশিরভাগ চা বাগান ১৬ শতাংশ বোনাস প্রদান করেছে। তবুও অবশিষ্ট ৪ শতাংশের দাবিতে আন্দোলন অব্যাহত রয়েছে। হিল ট্রেড ইউনিয়নগুলির যৌথ মঞ্চের আহ্বায়ক সমন পাঠক বলেন, আমাদের একটাই দাবি রাজ্য সরকারকে ২০২৩-’২৪ অর্থবর্ষের চূড়ান্ত বোনাস হার নির্ধারণ করতেই হবে।