Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

হাইকোর্টে ‘ঔদ্ধত্যপূর্ণ’ রিপোর্ট! পুরশুড়ার আইসি-র বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

হাইকোর্টে ‘ঔদ্ধত্যপূর্ণ’ রিপোর্ট! পুরশুড়ার আইসি-র বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
  • ৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবার হাইকোর্টে ‘ঔদ্ধত্যপূর্ণ’ রিপোর্ট পেশ করলেন পুরশুড়া থানার আইসির। এই ঘটনায় অভিযুক্ত আইসির বিরুদ্ধে হুগলির পুলিস সুপারকে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।
Advertisement
একটি জমি-বিবাদ মামলায় প্রয়োজনে পুলিসি সাহায্য দেওয়ার নির্দেশ দিয়েছিল নিম্ন আদালত। তারপরও সেই সাহায্য পাননি মামলাকারী। ওই কারণে পুরশুড়া থানার আইসির কাছে রিপোর্ট তলব করেছিল হাইকোর্ট। এদিন সেই রিপোর্ট দেখেই ক্ষুব্ধ হয়ে ওঠেন বিচারপতি। 
রিপোর্টে উল্লেখ ছিল, নিম্ন আদালত যেহেতু পুলিসি সাহায্যের জন্য ‘নির্দিষ্ট’ করে কোনও নির্দেশ দেয়নি, তাই কোনও পুলিসি সাহায্য দেওয়া হয়নি! 
রিপোর্টের এই বয়ান দেখেই ক্ষুব্ধ বিচারপতির মন্তব্য, ‘এত সাহস! হাইকোর্টে এমন ভাষায় রিপোর্ট দিচ্ছেন একজন আইসি? এত ঔদ্ধত্য আসে কোথা থেকে? থানায় পুলিস যেমন ব্যবহার করে, এই রিপোর্টে তো তারই প্রতিফলন দেখা যাচ্ছে!’ 
এরপর বিচারপতি আরও বলেন, ‘এই ধরনের অফিসারদের প্রাইম পোস্টিং দেওয়া উচিত নয়। এখনই তাঁদের সরিয়ে দেওয়া উচিত। পুলিস হল সরকারের মুখ। সেই পুলিসই যদি এমন আচরণ করে তাহলে মানুষ কোথায় যাবে? কত টাকার মালিক এই আইসি যে তাঁর এমন সাহস আসে!’
এরপরই বিচারপতির নির্দেশ, যে-ভাষায় এই রিপোর্ট পেশ করা হয়েছে, তার সমস্তটা খতিয়ে দেখবেন জেলার পুলিস সুপার এবং তার প্রেক্ষিতে ওই আইসির বিরুদ্ধে তাঁকে ব্যবস্থা নিতে হবে। পরবর্তী শুনানি ৮ জানুয়ারি। ওইদিনই কোর্টে এই সংক্রান্ত রিপোর্ট পেশ করবেন পুলিস সুপার।
সম্পর্কিত সংবাদ