নিজস্ব প্রতিনিধি, তমলুক: দীর্ঘ কয়েক মাসের শুনানি শেষে শুক্রবার কলকাতা হাইকোর্ট কুরবান শা খুনে ধৃত আনিসুর রহমানের জামিনের আবেদন খারিজ করল। এদিন বিচারপতি অরিজিৎ সিনহা এবং অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ ধৃতের জামিনের আবেদন খারিজ করেছে। বিচার প্রক্রিয়া দেরি হচ্ছে, এই যুক্তিতে হাইকোর্টে ডিভিশন বেঞ্চে জামিনের আবেদন জানিয়েছিল আনিসুর রহমান। কয়েক মাস ধরে দু’পক্ষের আইনজীবীরা এনিয়ে পক্ষে বিপক্ষে সওয়াল করেন। পুজোর ছুটির আগে ফাইনাল হেয়ারিং হলেও রায় রিজার্ভে রাখা ছিল। শুক্রবার সেই রায় দেয় আদালত। কলকাতা সিটি সেশন কোর্টে কুরবান শা খুনের মামলায় সাক্ষ্যগ্রহণ চলছে। বিচার প্রক্রিয়ায় অনেক সাক্ষী হাজির হচ্ছেন না বলে ওই কোর্টের স্পেশাল পিপি হাইকোর্টে জানিয়েছিলেন। উল্লেখযোগ্যভাবে সেই তালিকায় পুলিস, ডাক্তারও আছেন। এদিন হাইকোর্ট জানিয়েছে, এভাবে সাক্ষীরা গরহাজির হলে ট্রায়াল কোর্ট বসে না থেকে আইনি পদক্ষেপ নেবে।



