নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিমান ছাড়ার প্রস্তুতি একেবারে শেষ মুহূর্তে। ককপিটে উঠে পড়েছেন পাইলট। বিমান যখন রানওয়ের দিকে যাবে, তখনই একটি চিরকুট নিয়ে তুমুল আলোড়ন পরে গেলকলকাতা বিমানবন্দরে। শৌচালয়ে একটি চিরকুটে লেখা ছিল, বিমান হ্যাইজ্যাক করা হবে। স্বাভাবিকভাবেই বিন্দুমাত্র দেরি না করে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন পাইলট। বিমানটিকে চিরুনি পর্যবেক্ষণ, যাত্রীদেরও তল্লাশি ও জিজ্ঞাসাবাদের জন্য আলাদা জায়গায় নিয়ে যাওয়া হয়। যদিও দীর্ঘসময় ধরে তল্লাশির পর সন্দেহজনক কিছু পাননি নিরাপত্তারক্ষীরা। সাত ঘণ্টা পর এয়ার ইন্ডিয়ার বিমানটি কলকাতা থেকে মুম্বইয়ের উদ্দেশে রওনা দেয়।
বুধবারের ঘটনা। এয়ার ইন্ডিয়ার বিমান এআই ২৭৭২। কলকাতা থেকে মুম্বইগামী বিমানটিতে ১০৫জন যাত্রী ছিলেন। সকাল ১০টা ৩৭ মিনিট নাগাদ একটি ‘হ্যাইজ্যাক নোট’ পাওয়া যায় বিমানের শৌচালয়ে। এক কেবিন ক্রু ওই নোটটি দেখতে পান। বিমানটিতে ততক্ষণে যাত্রীরা উঠে পড়েছেন। বিমানটি রানওয়েতে প্রায় উঠে পড়েছে। ঠিক সেই সময় ওই হ্যাইজ্যাক নোট নিয়ে শোরগোল পরে যায়। বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, শৌচালয়ে একটি চিরকুটে লেখা ছিল, সকাল ১১টা ১০ মিনিট নাগাদ বিমানটি হাইজ্যাক করা হবে। ওই হ্যাইজ্যাক নোটের খবর পাওয়া মাত্রই এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে কথা বলে বিমানটিকে রানওয়ে থেকে ফিরিয়ে নিয়ে আসেন পাইলট। একটি নির্দিষ্ট স্থানে বিমানটিকে রেখে শুরু হয় চিরুনি তল্লাশির কাজ। বিমানবন্দরের উচ্চ পদস্থ কর্তারা ঘটনাস্থলে পৌঁছে যান।কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, স্নিফার ডগ, বোম্বস্কোয়াডের একটি দল তল্লাশি অভিযানে নেমে পড়ে। যাত্রীদের বিমান থেকে নামিয়ে এনে হ্যাগ ব্যাগ পরীক্ষা করা হয়। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়। বিমানটিতে সন্দেহজনক কিছু রয়েছে কি না, তা খুঁজতে দফায় দফায় চলে তল্লাশি। সাত ঘণ্টা ধরে তল্লাশি ও পর্যবেক্ষণের পর্যায় চলে। তারপর ওই চিরকুটটি ভুয়ো বলে প্রমাণিত হয়। ৫টা ৩৮ মিনিট বিমানটি কলকাতা থেকে মুম্বইয়ের উদ্দেশে নির্বিঘ্নে রওনা দেয়। ওই ‘হাইজ্যাক নোটে’র উৎস সন্ধানে তদন্ত শুরু হয়েছে। বিমানে ওঠার পর কোন কোন যাত্রী শৌচালয়ে কোন সময়ে গিয়েছিলেন, তাও খতিয়ে দেখা হচ্ছে।



