Bartaman Logo
২০ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

সর্বাধিক বেকারত্ব, প্রথম ১০ জেলার ছ’টিই ডবল ইঞ্জিনে!

কেন্দ্র ও রাজ্য-দু’জায়গাতেই বিজেপি পরিচালিত সরকার। তথাকথিত ‘ডবল ইঞ্জিন’! প্রতিশ্রুতি ছিল, জোড়া ইঞ্জিনের সৌজন্যে উন্নয়নের গাড়ি ছুটবে ঝড়ের গতিতে।

সর্বাধিক বেকারত্ব, প্রথম ১০ জেলার ছ’টিই ডবল ইঞ্জিনে!
  • ২০ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

প্রীতেশ বসু, কলকাতা: কেন্দ্র ও রাজ্য-দু’জায়গাতেই বিজেপি পরিচালিত সরকার। তথাকথিত ‘ডবল ইঞ্জিন’! প্রতিশ্রুতি ছিল, জোড়া ইঞ্জিনের সৌজন্যে উন্নয়নের গাড়ি ছুটবে ঝড়ের গতিতে। কর্মসংস্থানের মরা গাঙে আসবে ভরা জোয়ার। কিন্তু বাস্তব বলছে অন্য কথা! দেশের মধ্যে সর্বাধিক বেকারত্বের ১০টি জেলার মধ্যে ছ’টিই ‘ডবল ইঞ্জিন’ রাজ্যের। কেন্দ্রের সাম্প্রতিক এক রিপোর্টে এই তথ্য উঠে এসেছে। উল্লেখযোগ্য বিষয় হল, বেকারত্বের হারে এগিয়ে থাকা এই ১০ জেলার মধ্যে পশ্চিমবঙ্গের কোনো জেলা নেই। কেন্দ্রের তথ্য অনুযায়ী, এ রাজ্যে বেকারত্বের হারে শীর্ষে রয়েছে নদীয়া। যদিও দেশের মধ্যে এই জেলার স্থান ৪৯-এ।

Advertisement

সম্প্রতি ‘পিরিওডিক লেবার ফোর্স সার্ভে রিপোর্ট’ প্রকাশ করেছে কেন্দ্র। সেখানে দেখা যাচ্ছে, জুলাই মাসের তুলনায় আগস্টে বেকারত্বের হার এক শতাংশ কমেছে। পাশাপাশি, অন্য একটি রিপোর্টে প্রতিটি রাজ্যের জেলাওয়াড়ি বেকারত্বের হার তুলে ধরেছে কেন্দ্রের পরিসংখ্যান মন্ত্রক। তাতে দেখা যাচ্ছে, বেকারত্বের হারে দেশের মধ্যে শীর্ষে রয়েছে ‘ডবল ইঞ্জিন’ অরুণাচল প্রদেশের পাপুমপারে জেলা। এই জেলায় বেকারত্বের হার ১৬.১ শতাংশ, যা দেশের বর্তমান বেকারত্বের গড় হারের (৫ শতাংশ) তিন গুণেরও বেশি। উত্তর-পূর্ব ভারতের নাগাল্যান্ডে রয়েছে বিজেপি ও এনপিএফের জোট সরকার। এই রাজ্যের কোহিমায় বেকারত্বের হার ১৪.৯ শতাংশ। বেকারত্বের হারে শীর্ষে থাকা ১০ জেলার মধ্যে দু’টিই উত্তর-পূর্ব ভারতের হওয়ায় কেন্দ্রের নর্থ-ইস্ট পলিসি নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে। এছাড়া প্রথম ১০-এ রয়েছে বিজেপি শাসিত রাজস্থানের জয়পুর, বিহারের পাটনা, গোয়ার দক্ষিণ গোয়া এবং উত্তরাখণ্ডের নৈনিতাল। কংগ্রেস শাসিত হিমাচল প্রদেশের সোলান ও সিরমৌর, তেলেঙ্গানার ভদ্রাদি কথাগুদেম জেলা রয়েছে এই তালিকায়। আছে এনসি শাসিত জম্মু-কাশ্মীরের শ্রীনগরও। 
‘ডবল ইঞ্জিন’-এর বিবিধ আর্থিক ও প্রশাসনিক সুবিধা পাওয়ার পরও কেন বিজেপি শাসিত রাজ্যের ৬টি জেলা বেকারত্বের শীর্ষে? অর্থনীতিবিদ অভিরুপ সরকারের মতে, ‘বেকারত্বের এই হারের নানা কারণ রয়েছে। মূলত আশানুরূপ কাজের সুযোগ তৈরি না হওয়াই বেকারত্বের হার বাড়ার কারণ। এক্ষেত্রে এক-একটি জেলার জন্য আলাদা আলাদা বিষয় রয়েছে। সেগুলি ধরে বিশ্লেষণ করলে সমস্যার সমাধান করা যেতে পারে।’ আর এক অর্থনীতিবিদ জানিয়েছেন, এসব জেলায় কেন্দ্র ও রাজ্যের প্রকল্পগুলির যথাযথ বাস্তবায়ন হচ্ছে কি না, সেটা দেখা দরকার। তা যদি না হয়, সেদিকে বিশেষ গুরুত্ব দিতে হবে। কেন্দ্রের রিপোর্টে পশ্চিমবঙ্গের নদীয়া ছাড়াও মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পূর্ব বর্ধমান, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরসহ আরো ন’টি জেলার বেকারত্বের তথ্য তুলে ধরা হয়েছে। রাজ্যের মধ্যে দক্ষিণ ২৪ পরগনায় বেকারত্বের হার সব থেকে কম,  মাত্র ০.৯ শতাংশ।

Advertisement
সম্পর্কিত সংবাদ