Bartaman Logo
২৯ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মাহিনগরে বিশ্ববিদ্যালয়ের বিল্ডিং তৈরির দাবি উচ্চ শিক্ষা দপ্তর ও কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি উপাচার্যের

‘ভবঘুরে’ বিশ্ববিদ্যালয়ের এবার অন্তত ঠাঁই হোক।

মাহিনগরে বিশ্ববিদ্যালয়ের বিল্ডিং তৈরির দাবি উচ্চ শিক্ষা দপ্তর ও কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি উপাচার্যের
  • ২৯ মে, ২০২৬ ১৪:০৫

সংবাদদাতা, বালুরঘাট: ‘ভবঘুরে’ বিশ্ববিদ্যালয়ের এবার অন্তত ঠাঁই হোক। বালুরঘাটের মাহিনগরে নির্ধারিত ১১ একর জমিতে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের স্থায়ী পরিকাঠামো গড়তে চেয়ে নতুন রাজ্য সরকারের কাছে চিঠি গেল। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রণব ঘোষ রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তর এবং কেন্দ্রীয় শিক্ষা রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদারকে চিঠি পাঠিয়েছেন। সূত্রের খবর, চিঠিতে দু’টি বিষয়কে প্রাধান্য দেওয়া হয়েছে। এক, বিশ্ববিদ্যালয়ের জন্য নির্ধারিত জায়গাতে বিল্ডিং ও পরিকাঠামোগত উন্নয়নের কাজ করা। দুই, আপাতত অস্থায়ী জায়গাতে বিশ্ববিদ্যালয় স্থানান্তরিত করার দাবি। 

Advertisement

পূর্বতন সরকারের আমলে নির্ধারিত জায়গায় বিল্ডিংয়ের কাজ নিয়ে নানা বিতর্ক শুরু হয়েছিল। পর্যাপ্ত এবং নির্ধারিত জায়গা থাকা সত্ত্বেও অজানা কারণে সেখানে বিশ্ববিদ্যালয়ের বিল্ডিংয়ের কাজ শুরু করেনি মমতার সরকার। এনিয়ে পূর্বতন সরকারের উচ্চ শিক্ষা দপ্তরকে একাধিকবার চিঠিও দেওয়া হয়েছিল। কিন্তু একটি চিঠিরও উত্তর মেলেনি। এবার নতুন সরকারকে ওই জায়গাতে বিশ্ববিদ্যালয় স্থাপনের ব্যাপারে আবেদন জানিয়েছেন উপাচার্য প্রণব ঘোষ। তিনি বলেন, নতুন সরকারকে চিঠি দিয়েছি, যাতে নির্ধারিত জায়গাতে বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু হয়। পাশাপাশি বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা রাষ্ট্রমন্ত্রীকেও চিঠি দিয়ে সাক্ষাৎ করার জন্য। বিশ্ববিদ্যালয়ে বর্তমানে নানা সমস্যা রয়েছে। সেই সমস্যার কথাও মন্ত্রীকে জানিয়েছি। 
কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত বলেন,জেলাশাসককে এব্যাপারে পদক্ষেপ করতে বলেছি। নির্ধারিত জায়গাতে যাতে বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু হয়, সেটাও দেখছি। তবে বর্তমানে যে জায়গায় বিশ্ববিদ্যালয় চলছে, সেই জায়গাটি খুব একটা ভালো নয়। তাই আপাতত কোথাও বিশ্ববিদ্যালয় স্থানান্তরিত করার ব্যাপারেও জেলাশাসককে জানিয়েছি।
২০২১ সালে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ে পঠনপাঠন শুরু হয়েছিল। পাঁচবছর পেরিয়ে গেলেও বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো তৈরি হয়নি। বিশ্ববিদ্যালয়ের জন্য বালুরঘাটের মাহিনগরে বিমানবন্দরের পাশে ১১ একর জায়গা রয়েছে। যা একটি বিশ্ববিদ্যালয় তৈরির জন্য পর্যাপ্ত। বিগত দিনে  উপাচার্যরা ওই জায়গায় বিশ্ববিদ্যালয়ের বিল্ডিংয়ের জন্য উচ্চশিক্ষা দপ্তরকে একাধিকবার চিঠি দেন। কাজ শুরু করার জন্য রাজ্যের কাছে ফান্ড চেয়েও চিঠি পাঠানো হয়। পূর্তদপ্তরও ডিপিআর তৈরি করে রাজ্যে পাঠায়। কিন্তু সমস্ত প্রক্রিয়া থমকে যায়। রাজ্যে পালাবদলের পর এবার নির্ধারিত জায়গায় বিশ্ববিদ্যালয়ের বিল্ডিং তৈরির জন্য আবেদন জানিয়েছেন উপাচার্য। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্তও এব্যাপারে মত প্রকাশ করেছেন। 
তবে আপাতত বেসরকারি বিএড কলেজের বিল্ডিং থেকে বিশ্ববিদ্যালয়কে স্থানান্তরিত করে মহিলা মহাবিদ্যালয়ে আনার চেষ্টা চালাচ্ছে জেলা প্রশাসন। প্রথমদিকে মহিলা মহাবিদ্যালয়েই বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হয়েছিল। পরে সেখান থেকে বিশ্ববিদ্যালয়কে স্থানান্তরিত করতে হয়। কয়েক বছর ধরে এভাবেই ঘুরে ঘুরে চলছে বিশ্ববিদ্যালয়। বর্তমানে এখানে তিনটি বিষয় পড়ানো হয়।  নতুন জায়গা পেলে আরও নতুন বিষয় চালু হতে পারে বলে দাবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। • নিজস্ব চিত্র।

সম্পর্কিত সংবাদ