নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পেট্রলে ইথানলের পর এবার পরিপূরক জ্বালানি হিসাবে ভাবা হচ্ছে গ্রিন হাইড্রোজেনকে। একটি জ্বালানির সঙ্গে হাইড্রোজেন মিশিয়ে দেখা হবে, কীভাবে কাজ করছে তা। এ নিয়ে উচ্চ পর্যায়ের গবেষণা উৎকর্ষকেন্দ্র তৈরি হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। অপ্রচলিত শক্তিমন্ত্রক এবং দামোদর ভ্যালি কর্পোরেশনের (ডিভিসি) সমপরিমাণ অনুদানে ৮ কোটি ১৮ লক্ষ টাকায় গড়ে উঠছে এই কেন্দ্র। ৩০ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ে এই উৎকর্ষ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
এই গবেষণায় নিযুক্ত এক অধ্যাপক বলেন, গাড়ির জ্বালানি হিসাবে এখনই নয়, আপাতত অন্যান্য ক্ষেত্রে হাইড্রোজেনকে জ্বালানির বিকল্প ভাবা হচ্ছে। তা ইস্পাত শিল্পের ফার্নেসে কয়লার পরিপূরকও হতে পারে, আবার অন্যান্য তরল জ্বালানির বিকল্পও হতে পারে। একইসঙ্গে হাইড্রোজেনকে সংরক্ষণ করার চ্যালেঞ্জ নিয়েও গবেষণা চলবে। পাওয়ার ইঞ্জিনিয়ারিং, মেটালার্জি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিস্ট্রি, স্কুল অব এনার্জি— সব বিভাগই হাতে হাত মিলিয়ে কাজ করবে। প্রযুক্তিগত সহায়তা দেবে স্টিল অথরিটি অব ইন্ডিয়া (সেইল) এবং এইচইউআরএলের মতো রাষ্ট্রায়ত্ত সংস্থা। মূলত, পরিবেশবান্ধব উপায়ে হাইড্রোজেন উৎপাদন, সংরক্ষণ এবং প্রয়োগের খুঁটিনাটি গবেষণা হবে এই কেন্দ্রে।