Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

টোটোর রেজিস্ট্রেশন নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক উলুবেড়িয়ায়

বাস, অটো, ট্যাক্সির মতো এবার টোটোর ক্ষেত্রেও রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করল রাজ্য সরকার। প্রশাসন সূত্রে খবর, আগামী ৩০ নভেম্বরের পর থেকে বিনা রেজিস্ট্রেশনে আর টোটো রাস্তায় নামানো যাবে না।

টোটোর রেজিস্ট্রেশন নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক উলুবেড়িয়ায়
  • ১৪ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: বাস, অটো, ট্যাক্সির মতো এবার টোটোর ক্ষেত্রেও রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করল রাজ্য সরকার। প্রশাসন সূত্রে খবর, আগামী ৩০ নভেম্বরের পর থেকে বিনা রেজিস্ট্রেশনে আর টোটো রাস্তায় নামানো যাবে না। দিনকয়েক আগে সাংবাদিক সম্মেলন করে একথাই স্পষ্ট করে দিয়েছেন রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। পরিবহণ মন্ত্রীর এই ঘোষণার পরেই রাজ্যের বিভিন্ন জেলায় টোটোর রেজিস্ট্রেশন নিয়ে তৎপর হল প্রশাসন। সোমবার দুপুরে উলুবেড়িয়া মহকুমা শাসকের দপ্তরে এনিয়ে একটি উচ্চ পর্যায়ের এই বৈঠক হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায়, জেলাশাসক পি দীপাপপ্রিয়া, হাওড়া গ্রামীণ জেলার পুলিশ সুপার সুবিমল পাল, বিধায়ক কালীপদ মণ্ডল, অরুণাভ সেন, সুকান্ত পাল, গুলশান মল্লিক, প্রিয়া পাল, উলুবেড়িয়ার মহকুমা শাসক মানসকুমার মণ্ডল ও উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস। এছাড়াও ছিলেন পরিবহণ দপ্তরের আধিকারিক সহ অন্যান্যরা।

Advertisement

প্রশাসন সূত্রে খবর, এই বৈঠকে ব্লক পর্যায়ে টোটো রেজিস্ট্রেশনের কাজ শুরু করতে বলা হয়েছে। রেজিস্ট্রেশনের পর টোটোর রুট ঠিক করে দেওয়া হবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে। প্রসঙ্গত, সোমবার থেকেই রাজ্যজুড়ে টোটোর রেজিস্ট্রেশন শুরু হয়েছে। চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। অন্যদিকে, সরকারের এই সিদ্ধান্তে খুশি সাধারণ মানুষ। তাঁদের মতে, প্রতিদিন রাস্তায় হাজার হাজার টোটো ঘুরে বেড়াচ্ছে, তাতে সাধারণ মানুষের চলাচল করতে অসুবিধা হচ্ছে। অন্যান্য যানবাহনের মতো টোটোগুলি একটি সরকারি নিয়মের মধ্যে থাকলে এই সমস্যা অনেকটাই মিটবে।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ