নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নারকেলডাঙার বিজেপি কর্মী অভিজিৎ সরকার হত্যা মামলায় বিধায়ক পরেশ পাল সহ দুই কাউন্সিলার স্বপন সমাদ্দার এবং পাপিয়া ঘোষের স্বস্তি বহাল রইল কলকাতা হাইকোর্টে। সোমবার বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশে জানিয়েছেন আগামী ২১ আগস্ট মামলার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন নিদের্শ বজায় থাকবে। ওই দিন পর্যন্ত তিনজনকেই নিম্ন আদালতে হাজিরা দিতে হবে না। তাঁদের বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপও করা যাবে না। এই খুনের মামলায় সিবিআই যে সর্বশেষ চার্জশিট দিয়েছিল তাতে এই তৃণমূল নেতা নেত্রীর নাম উঠে আসে। তারপরই আগাম জামিনের আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তাঁরা। সেই মামলায় আগেই সাময়িক স্বস্তি পেয়েছিলেন পরেশরা। এবার সেই স্বস্তি আরও বেশ কয়েকদিনের জন্য বহাল রইল। উল্লেখ্য, এই মামলাতেই এর আগে জামিন পেয়েছেন জেলবন্দি দুই পুলিসকর্মী।



