নিজস্ব প্রতিনিধি কলকাতা: রোজ ভ্যালির বাজেয়াপ্ত হওয়া প্রায় ৩০ হাজার কোটির সম্পত্তি নয়ছয় নিয়ে এবার ‘সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিস’ বা এসএফআইও-কে তদন্ত শুরুর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চের নির্দেশ, আগামী এক মাসের মধ্যে প্রাথমিক তদন্ত রিপোর্ট জমা দিতে হবে। সেই রির্পোটে কোনও অনিয়মের ইঙ্গিত পেলে এসএফআইও ফরেনসিক অডিট শুরু করবে।
নির্দেশে বেঞ্চ আরও জানিয়েছে, এই কাজের জন্য বিধি অনুযায়ী কেন্দ্রীয় কর্পোরেট অ্যাফেয়ার্স মন্ত্রক এসএফআইও-কে দ্রুত অনুমোদন দেবে। আগামী ১২ ফেব্রুয়ারি রিপোর্ট দিতে হবে আদালতে। গত ২৫ সেপ্টেম্বর থেকে রোজ ভ্যালির প্রতারিত আমানতকারীদের টাকা ফেরানো বন্ধ করে দেয় দিলীপ শেঠ কমিটি। যা নিয়ে মঙ্গলবার হতাশা প্রকাশ করেছে ডিভিশন বেঞ্চ।
আদালত বলেছে, আমানতকারীদের টাকা ফেরানোর ক্ষেত্রে কোনও বাধা নেই। এ কথা একাধিকবার একাধিক নির্দেশে উল্লেখ করা হয়েছে। তারপরও ভুক্তভোগীরা টাকা পাচ্ছেন না। কেন বন্ধ কেউ জানে না। জানা যাচ্ছে, রোজ ভ্যালির অর্থ ও সম্পত্তি নয়ছয়ের অভিযোগে হাইকোর্টের ফরেনসিক অডিটের নির্দেশ আটকাতে সুপ্রিম কোর্টে ইডি’র দায়ের করা মামলা সোমবার খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত। তারপরই এদিন হাইকোর্ট যাবতীয় গাইডলাইন নির্দিষ্ট করে তদন্ত শুরুর নির্দেশ দেয় এসএফআইও-কে।
এর আগে একাধিক কেন্দ্রীয় সংস্থার পর রাজ্যের অর্থদপ্তরও রোজ ভ্যালি অ্যাসেট ডিসপোজাল কমিটির আর্থিক অনিয়ম নিয়ে ফরেনসিক অডিট করতে অস্বীকার করে। কিছুদিন আগে ডিভিশন বেঞ্চে লিখিতভাবে একথা জানিয়েছিল রাজ্য। ফরেনসিক অডিট করার পরিকাঠামো ও দক্ষ লোক নেই বলে জানানো হয়। কিন্তু রাজ্যের তরফে এহেন বক্তব্যের পর হতাশ হয় হাইকোর্ট।