নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ধর্মতলার বিধান মার্কেট এলাকায় মেট্রো প্রকল্পের কাজ শুরুর অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে মার্কেটের দোকানদারদের স্বার্থে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যয়ের সিঙ্গল বেঞ্চ।
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ধর্মতলার বিধান মার্কেট এলাকায় মেট্রো প্রকল্পের কাজ শুরুর অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে মার্কেটের দোকানদারদের স্বার্থে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যয়ের সিঙ্গল বেঞ্চ।
সোমবার হাইকোর্ট জানিয়েছে, জোকা-ধর্মতলা মেট্রো প্রকল্পের জন্য বিধান মার্কেট এলাকায় কাজ শুরু করা যাবে। আপাতত ওই এলাকা থেকে অস্থায়ীভাবে দোকানদারদের অন্যত্র সরানো যাবে। তবে প্রকল্পের জন্য দায়িত্বপ্রাপ্ত সংস্থা অর্থাৎ মেট্রো রেল কর্তৃপক্ষকে কাজ শেষে ওই দোকানদারদের পুরানো জায়গায় ফিরিয়ে আনা হবে। এই মর্মে লিখিতভাবে জানাতে হবে তাদের। বিচারপতি চট্টোপাধ্যায় জানিয়েছেন, অস্থায়ীভাবে যেখানে তাঁদের সরানো হবে, সেই নতুন জায়গায় তাঁদের ন্যূনতম পরিষেবা এবং যথাযথ নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। জল, বিদ্যুৎসহ নিরাপত্তা ও প্রয়োজনীয় পরিষেবার বন্দোবস্ত করার পরই দোকানদারদের সরানোর কাজ শুরু করা যাবে বলে জানিয়ে দিয়েছে হাইকোর্ট।
মেট্রো কর্তৃপক্ষের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিধান মার্কেটের দোকানদারেরা। তাঁদের তরফে আইনজীবী ফিরদৌস শামিম দাবি করেন, ১৯৫৪ সালে প্রতিরক্ষা দপ্তরের জমিতে ওই মার্কেট তৈরি হয়। বর্তমানে এটি একটি গুরুত্বপূর্ণ পাইকারি বাজার। কিন্তু কোনোরকম লিখিত প্রতিশ্রুতি ছাড়াই মেট্রোর নির্মাণসংস্থা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাঁদের সরিয়ে দিতে চাইছে। এই দোকানগুলি সাময়িকভাবে মাউন্টেড পুলিশ প্যাডক এলাকায় সরিয়ে নিয়ে যাওয়ার কথা। আগামী বুধবার থেকে তাঁদের সরে যেতে হবে বলে জানানো হয়েছিল। হাইকোর্ট এদিন কর্তৃপক্ষকে সাতদিনের মধ্যে প্রকল্পের কাজ শুরু করার নির্দেশ দিয়েছে।