নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অবশেষে শ্রীরামপুরে কোর্ট ময়দানে মমতা বন্দ্যোপাধ্যায়কে সভা করার অনুমতি দিল হাইকোর্ট। ২৬ সেপ্টেম্বর, শনিবার কালীঘাট তৃণমূলকে ওই ময়দানে শর্তসাপেক্ষে কর্মসূচি পালনের অনুমতি দিয়েছে আদালত। বৃহস্পতিবার বিচারপতি সৌগত ভট্টাচার্য তাঁর নির্দেশে জানিয়েছেন, ২৬ সেপ্টেম্বর বিকেল ৪টে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১০০০ লোক নিয়ে ওই কর্মসূচি করা যাবে। জিটি রোডে কোনো মিছিল করা যাবে না। জিটি রোডে যাতে যান চলাচল স্তব্ধ না-হয়, তা নিশ্চিত করতে হবে। আয়োজকদের তরফে ২০০০ হাজার লোকের জমায়েত করার দাবি জানানো হয়েছিল। কিন্তু রাজ্য তাতে আপত্তি জানিয়ে বলে, শ্রীরামপুর কোর্ট ময়দান চত্বর খুবই সংকীর্ণ। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেড প্লাস নিরাপত্তার কারণে সামনে কিছুটা জায়গা ছেড়ে রাখতে হয়। সেই জায়গা ছেড়ে বাকি অংশে ২০০০ লোকের জমায়েত করলে পদপিষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। যদিও এই যুক্তির বিরোধিতা করেন তৃণমূলের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দুপক্ষের বক্তব্য শোনার পর সর্বাধিক ১০০০ লোক নিয়ে কর্মসূচি পালনের অনুমতি দিয়েছে আদালত।



