নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগ নিয়ে সিবিআইয়ের রিপোর্ট দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। ২০২৪ সালের ১৪ আগস্ট রাতে হাসপাতালে বিশৃঙ্খলা ও ভাঙচুরের ঘটনায় তারা কী পদক্ষেপ করেছে, জানতে চেয়েছে আদালত। এনিয়ে বিস্তারিত রিপোর্ট পেশ করার নির্দেশ দেয় বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চ। শুক্রবার মামলার শুনানিতে বিচারপতি শম্পা সরকার স্পষ্ট জানান, নির্যাতিতার মা‑বাবার বক্তব্য শোনাই আদালতের একমাত্র কাজ নয়। ঘটনার পর প্রমাণ নষ্টের অভিযোগও গুরুত্ব দিয়ে খতিয়ে দেখতে হবে। বিষয়টি নিয়ে সিবিআই এদিন যে রিপোর্ট জমা দিয়েছে, তা সন্তোষজনক নয়। একই সঙ্গে আদালতের নির্দেশ, ২০২৪ সালের ৯ আগস্ট থেকে আর জি কর সংক্রান্ত যা যা অভিযোগ উঠেছে, তা সিবিআইকে তদন্তের আওতায় এনে খতিয়ে দেখতে হবে। এদিন আদালতে মৃতার পরিবারের তরফে সওয়ালে অংশ নেন আইনজীবী জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায় ও শীর্ষেন্দু সিংহরায়। পরবর্তী শুনানি ১১ ডিসেম্বর। এদিকে, আর জি কর‑কাণ্ডে শুক্রবার শিয়ালদহ কোর্টে জমা পড়ল সিবিআইয়ের ১৪তম স্টেটাস রিপোর্ট। মৃত চিকিৎসকের দেহ পানিহাটির যে শ্মশানে দাহ করা হয়েছিল, সেখানকার কর্মীদের বক্তব্য নথিভুক্ত করা হয় বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে বলা হয়, মৃতার বাবা‑মার সঙ্গে কথা বলে যেসব তথ্যপ্রমাণ পাওয়া গিয়েছে, তার ভিত্তিতে বিভিন্ন লোককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সেই সঙ্গে এই ঘটনায় সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন নথিপত্র ইতিমধ্যে সংগ্রহ করা হয়েছে। যা এই তদন্তে ‘গতি’ আনবে বলে দাবি সিবিআইয়ের।



