নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ডাককর্মীদের বৃহত্তম সংগঠন ন্যাশনাল ফেডারেশন অব পোস্টাল এমপ্লয়িজ-এর অন্তর্ভুক্ত গ্রুপ সি সংগঠনের স্বীকৃতি আগেই কেড়ে নিয়েছিল কেন্দ্রীয় সরকার। পাশাপাশি ওই সংগঠনে কর্মীদের চাঁদা দেওয়ার বিষয়েও নিষেধাজ্ঞা জারি করা হয় ডাক বিভাগের তরফে। এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করেন কর্মীরা। বুধবার সেই মামলায় জয়ী হলেন তাঁরা। তাঁদের আশা, সংগঠনের স্বীকৃতি সংক্রান্ত যে মামলাটি এখনও চলছে, তাতেও তাঁরা জয়লাভ করবেন।
কর্মীদের বক্তব্য, ডাক বিভাগকে বেসরকারিকরণের উদ্যোগ শুরু করেছে কেন্দ্র। কর্মীদের তরফে তার বিরুদ্ধে প্রতিবাদ শুরু হতেই গ্রুপ সি সংগঠনের স্বীকৃতি বাতিল করে দেয় কেন্দ্র। পাশাপাশি গত ২০২৩ সালের মে মাসে একটি নির্দেশিকা জারি করা হয়, যেখানে বলা হয় কোনও কর্মীর বেতন থেকে ওই সংগঠনের জন্য চাঁদা কাটা চলবে না। ফের প্রতিবাদ শুরু হয় কর্মী মহলে। তাঁদের বক্তব্য ছিল, কর্মচারীদের সংগঠন করার অধিকার থেকে বঞ্চিত করাই এর উদ্দেশ্য। এরই বিরুদ্ধে মামলা হয় কলকাতা হাইকোর্টে। সেখানেই বুধবার বিচারপতি শম্পা দত্ত পাল চাঁদা না কাটার নির্দেশ বাতিল করে দেন। সংগঠনের সর্বভারতীয় সম্পাদক নরেশ গুপ্তা বলেন, এই রায় প্রমাণ করে, কর্মচারীদের সংগঠন করার অধিকার বেআইনিভাবে কেড়ে নিয়েছিল কেন্দ্র। মামলাকারীদের অন্যতম অসিত বঙ্গবাস বলেন, সংগঠনের স্বীকৃতি বাতিলের মামলাটি বর্তমানে ঝাড়খণ্ড হাইকোর্টে বিচারাধীন। আমরা সিঙ্গল বেঞ্চে জয় পেয়েছিলাম। বর্তমানে মামলাটি ডিভিশন বেঞ্চে বিচারাধীন।