নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হজে যেতে চান। কিন্তু এসআইআরে নাম বাদ পড়ায় তা সম্ভব হচ্ছে না। অথচ এসআইআর ট্রাইবুনালে আবেদনের কোনো নিষ্পত্তি হচ্ছে। এমনই অভিযোগে হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। সেই মামলার শুনানির পর বিচারপতি কৃষ্ণা রাও জানিয়েছেন, সম্ভব হলে ওই হজযাত্রীদের আবেদনগুলির প্রেক্ষিতে দু’সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে ট্রাইবুনালকে।
মামলাকারী হজযাত্রীদের একাংশের দাবি ছিল, ভোটার তালিকায় নাম না-থাকায় পাসপোর্ট এবং হজের জন্য ভিসা পেতে সমস্যা হচ্ছে তাঁদের। ভোটার তালিকায় নাম তোলার জন্য তাঁরা ট্রাইবুনালে আবেদনও করেছেন। কিন্তু সেখানে থেকে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। ফলে তাঁদের হজযাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে। এই আবেদনের প্রেক্ষিতেই ট্রাইবুনালকে দু’সপ্তাহের মধ্যে আবেদন নিষ্পত্তি করতে বলেছে হাইকোর্ট।