বিশ্বজিৎ দাস, কলকাতা: ২০১৮-১৯ সালেই এন আর এস, কলকাতা, আর জি কর মেডিক্যাল কলেজের কাছে ক্যান্সার চিকিৎসার আধুনিকতম যন্ত্রপাতি চলে এসেছিল। তখন রাজ্যের এক নম্বর সুপারস্পেশালিটি হাসপাতাল পিজি পড়ে ছিল মান্ধাতার আমলে। মানুষজন অবাক হতো। পিজি’র অন্য সব বিভাগে রোগ ও রক্ত পরীক্ষা, সার্জারির হাইটেক যন্ত্র এবং আধুনিক প্রযুক্তি চলে এসেছে। অন্যান্য রোগ চিকিৎসায় বহু রোগীর পছন্দের এক নম্বর জায়গা পিজি। দিনে গড়ে ৩০ হাজার রোগীর এই হাসপাতালের রেডিওথেরাপি বিভাগ কেন পড়ে আছে প্রাগৈতিহাসিক যুগে! ক্যান্সার লড়াইয়ের অস্ত্র বলতে মান্ধাতার আমলের কোবাল্ট আর ব্র্যাকিথেরাপি মেশিন! তাই ক্যান্সারের চিকিৎসার কথা উঠলেই গরিব, নিম্নবিত্ত, মধ্যবিত্ত রোগী ছুটতেন এন আর এস, মেডিক্যাল বা আর জি কর-এ। অবশেষে সেই ক্ষত, দুর্নাম ঘুচতে চলেছে পিজি’র। তাদের ক্যান্সার হাব অবশেষে পেতে চলেছে ‘রে’ দেওয়ার অত্যাধুনিক লিনিয়র অ্যাকসেলারেটর বা লাইন্যাক। এছাড়া ব্র্যাকিথেরাপি মেশিন এবং সিটি সিমুলেটেরর মতো হাইটেক যন্ত্রপাতিও। হাসপাতাল সূত্রে এই খবর জানা গিয়েছে। এখনকার এক পদস্থ কর্তা বলেন, বহুদিনের প্রত্যাশা। আশা করছি, এবছরের শেষদিকেই এখানকার ক্যান্সার হাবের রোগীদের একাংশের জন্য এসব খুলে দিতে পারব।



