Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

হুগলিতে নয়া ভোটারদের মধ্যে সংখ্যায় বেশি মহিলারা

হুগলিতে নয়া ভোটারদের মধ্যে সংখ্যায় বেশি মহিলারা
  • ১৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: হুগলি জেলায় চূড়ান্ত ভোটার তালিকায় নতুন নাম উঠেছে ৭৩ হাজার ৪৭৫ জনের। জেলায় বর্তমান ভোটারের সংখ্যা ৪৭ লক্ষ ৭৩ হাজার ৪৬৫ জন।তালিকায় নতুন ভোটার হিসেবে মহিলার সংখ্যাই বেশি। জেলা নির্বাচন দপ্তর সূত্রে জানা গিয়েছে, তালিকায় নতুন ভোটার হিসেবে নাম উঠেছে ৩২ হাজার ২৭৭ জন পুরুষের, ৪১ হাজার ১৯৬ জন মহিলার নাম উঠেছে। এছাড়া ৫৩ হাজার ১৫২ জন ভোটারের নাম তালিকা থেকে বাতিলও করেছে প্রশাসন। গত ৬ জানুয়ারি নতুন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়েছে। নিজেদের বুথে অথবা অনলাইনে ভোটাররা নাম দেখতে পারবেন। শীঘ্রই রঙিন ভোটার কার্ড ডাকযোগে তাঁদের বাড়িতে পৌঁছে যাবে। 
Advertisement
জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন, নির্বাচন কমিশনের নির্দেশ মতো এই কাজ আমরা করেছি। এসআরইআর এর আগেই বুথ লেভেল অফিসাররা নিজেদের এলাকায় সম্ভাব্য নতুন ভোটারদের উপর সমীক্ষা করেন। ভোটার তালিকায় নাম তোলার কাজ শুরু হতেই তাঁদের ফর্ম দিয়ে নথিভুক্ত করা হয়। বর্তমানে বুথ লেভেল অফিসাররা নিজেদের এলাকায় নতুন ভোটার কার্ড নিয়ে বসছেন। সেখানে গেলেও ভোটাররা নিজেদের নাম দেখতে পারবেন। কোনও সংশোধন থাকলে তার আবেদনও জানানো যাবে। তাছাড়া নতুন করে কেউ নাম তোলার আবেদন করলেও তা নেওয়া হবে। 
নতুন ভোটার তালিকা প্রকাশের পরই তা নিয়ে চুলচেরা বিশ্লেষনে নেমেছে রাজনৈতিক দলগুলিও। বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ বলেন, নতুন ভোটার তালিকা আমরা হাতে পেয়েছি। দলের অভিজ্ঞ কর্মীরা তা খতিয়ে দেখছেন। কোথাও কোনও অসঙ্গতি থাকলে তা প্রশাসনকে জানানো হবে। তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা চেয়ারম্যান স্বপন নন্দী বলেন, ভোটার তালিকা খুঁটিয়ে দেখছেন কর্মীরা। আমরা যেসব অভিযোগ, আবেদন করেছিলাম সেগুলি ফলপ্রসু হয়েছে কিনা তা দেখা হচ্ছে। নতুন ভোটারদের নাম তালিকার পাশাপাশি এলাকার সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে। 
উল্লেখ্য, গত বছরের শেষ দিকে রাজ্যের পাশাপাশি হুগলি জেলাতেও এসআরইআর-এর কাজ শুরু হয়। প্রত্যেক শনি ও রবিবার বিশেষ শিবির করেও এই কাজ চালায় প্রশাসন। এমনকি, বিভিন্ন রাজনৈতিক দলগুলিও ভোটার তালিকা সংক্রান্ত নানা বিষয়ে দাবি জানায়। তার ভিত্তিতে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে।  নির্বাচন দপ্তর সূত্রে আরও জানা গিয়েছে, পুরশুড়া বিধানসভায় নতুন তালিকা অনুযায়ী ভোটারের সংখ্যা দুই লক্ষ ৭০ হাজার ১৪৮ জন। আরামবাগে দুই লক্ষ ৬৫ হাজার ৯৬৪ জন। গোঘাটে দুই লক্ষ ৫৫ হাজার ৪৬৪ জন। এছাড়া খানাকুলে নতুন তালিকা অনুযায়ী ভোটারের সংখ্যা দুই লক্ষ ৮৯ হাজার ৪৪১ জন। আরামবাগ মহকুমার চার বিধানসভাতেই উল্লেখযোগ্যভাবে মহিলা ভোটারের সংখ্যা বেড়েছে। তার জেরে জেলায় প্রতি এক হাজার জন পুরুষ পিছু মহিলা ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৯৯২ জন। 
সম্পর্কিত সংবাদ