সংবাদদাতা, করিমপুর: দাদাকে খুনে অভিযুক্ত ভাইকে সোমবার সন্ধ্যায় বাড়ির পাশের মাঠ থেকে গ্রেপ্তার করল হোগলবেড়িয়া থানার পুলিস। ধৃতের নাম বাপ্পা মণ্ডল। বাড়ি হরিপুর গ্রামে। পুলিস জানিয়েছে, শুক্রবার রাতে বাড়ির জমি বিক্রি নিয়ে গণ্ডগোলের সময় দাদা বাপন মণ্ডলের মাথায় কাঠের হুড়কো দিয়ে আঘাত করে বাপ্পা। গুরুতর জখম অবস্থায় বাপনকে প্রথমে করিমপুর ও পরে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয়। শনিবার দুপুরে মৃতের শ্বশুর অর্জুন প্রামাণিক থানায় বাপ্পার নামে অভিযোগ জমা দেন। ঘটনার পর থেকে পলাতক ছিল বাপ্পা। এদিন বাড়ির পাশের একটি বাগান থেকে তাকে গ্রেপ্তার করে পুলিস। প্রাথমিক জেরায় ধৃত জানিয়েছে, এদিন রাতে সে বাংলাদেশে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল। তার আগেই মঙ্গলবার তাকে গ্রেপ্তার করা হয়।



