Bartaman Logo
১৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিদেশ

ধ্বংসস্তূপ থেকে খুঁজে এনেছে ২০ দেহ, নেপালে হিরো 'সাম্বা'

নেপাল বিপর্যয়ের পর কেটে গিয়েছে বেশ কিছু দিন। ধ্বংসস্তূপে আটকে থাকা প্রিয়জনদের জীবিত অবস্থায় ফিরে পাওয়ার প্রত্যাশাও ক্রমশ ক্ষীণ হয়ে এসেছে পরিবারের সদস্যদের।

ধ্বংসস্তূপ থেকে খুঁজে এনেছে ২০ দেহ, নেপালে হিরো 'সাম্বা'
  • ১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:৩৫
Prefer us on Google

কাঠমাণ্ডু, ১৫ সেপ্টম্বর: নেপাল বিপর্যয়ের পর কেটে গিয়েছে বেশ কিছু দিন। ধ্বংসস্তূপে আটকে থাকা প্রিয়জনদের জীবিত অবস্থায় ফিরে পাওয়ার প্রত্যাশাও ক্রমশ ক্ষীণ হয়ে এসেছে পরিবারের সদস্যদের। তবু উদ্ধার অভিযান থামেনি। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও নেপালের নিরাপত্তাবাহিনী এবং উদ্ধারকর্মীরা লাগাতার তল্লাশি চালিয়ে যাচ্ছেন। সেই অভিযানে এবার গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে প্রশিক্ষিত সারমেয় দল। 

Advertisement

সবথেকে বেশি নজর কেড়েছে ‘সাম্বা’। ল্যাব্রাডর প্রজাতির এই কুকুরটি নেপালের আর্মড পুলিশ ফোর্সের কে-নাইন স্কোয়াডের সদস্য। ধ্বংসস্তূপের নীচে মানুষের উপস্থিতি শনাক্ত করার জন্য বিশেষ প্রশিক্ষণ পেয়েছে সে। তবে সাম্বার সঙ্গে নেপালের যোগসূত্রের নেপথ্যে রয়েছে ভারতের ভূমিকা। ভারত থেকেই তাকে নেপালে নিয়ে যাওয়া হয়েছিল। পরবর্তী সময়ে নেপালের প্রশিক্ষকদের তত্ত্বাবধানে তাকে উদ্ধার অভিযানের উপযোগী করে তৈরি করা হয়। আর তারই দৌলতে প্রায় ২০টি মৃত দেহ খুঁজে পাওয়া গিয়েছে ধ্বংধ্বংসস্তূপ থেকে। 

রাসুয়া ও ত্রিশূলী অঞ্চলে তল্লাশি চালানোর সময় সাম্বার দক্ষতা বিশেষভাবে প্রকাশ্যে আসে। কাদামাটি, ভেঙে পড়া বাড়ির অংশ এবং জমে থাকা ধ্বংসাবশেষের মধ্যে ঘুরে ঘুরে মানুষের দেহের গন্ধ শনাক্ত করেছে সে। তার দেওয়া সংকেত বুঝে উদ্ধারকারী দল বেশ কয়েকটি জায়গায় তল্লাশি করে। আর তার ফলও মেলে হাতে নাতে। যেই জায়গাগুলি সাম্বা উদ্ধারকারীদের দেখিয়েছিল ঠিক সেই জায়গাগুলি থেকেই বেরিয়ে এসেছে মানুষের দেহ। 

সাম্বার সঙ্গে অভিযানে থাকেন দু’জন নিরাপত্তাকর্মী। একজন প্রধান হ্যান্ডলার এবং অন্যজন সহকারী। দীর্ঘ প্রশিক্ষণের ফলে তাঁরা কুকুরটির বিভিন্ন আচরণের অর্থ বুঝতে পারেন। সাম্বার কোনও বিশেষ সংকেত পাওয়ার পর তাঁরা সংশ্লিষ্ট জায়গাটি চিহ্নিত করেন এবং উদ্ধারকারী দলকে সেখানে খোঁড়ার নির্দেশ দেওয়া হয়। শুধু সাম্বা নয়, এই বিপর্যয় মোকাবিলায় নেপালের আর্মড পুলিশ ফোর্স আরও পাঁচটি প্রশিক্ষিত কুকুরকে তল্লাশি অভিযানে নামিয়েছিল। পাশাপাশি নেপাল সেনাবাহিনীর পক্ষ থেকেও ছ’টি সারমেয়কে কাজে লাগানো হয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ