ওয়েলিংটন: বেসিন রিজার্ভে বরাবরই সফল হয়েছেন হেনরি নিকোলস। এখানেই রয়েছে টেস্ট কেরিয়ারের পঞ্চম শতরান। বৃহস্পতিবার সেখানেই এল পাঁচদিনের ফরম্যাটে দেশের হয়ে দ্বাদশ সেঞ্চুরি। পরিসংখ্যান অনুসারে টেস্ট কেরিয়ারের ৩০ শতাংশ রান এসেছে এই মাঠেই। তবে এদিন লড়াকু শতরানের পর হেনরির মুখে শোনা গিয়েছে যশপ্রীত বুমরাহর নাম। ১১৩ রানে ক্রিজে থাকা বাঁ-হাতি বলেছেন, ‘বুমরাহ দু’দিকেই স্যুইং করাচ্ছিল। আমাদের রীতিমতো চাপে ফেলেছিল। ওকে সামলানো ছিল কঠিন। ওর অ্যাকশনটা একেবারেই অন্যরকম। তবে আমি বেশ কয়েকবার ওর বিরুদ্ধে খেলেছি। ফলে সুবিধা হয়েছে। এটাতে অবশ্য কোনো সন্দেহ নেই যে সব ফরম্যাটেই বুমরাহ এক অসাধারণ বোলার। এদিন মারাত্মক স্যুইং করিয়েছে। আমি নিশ্চিত, শুক্রবার সকালেও একই রকম চ্যালেঞ্জ হবে ওকে খেলা।’ অর্থাৎ, দ্বিতীয় দিনের সকালে বুমবুমের সঙ্গে ডুয়েলের দিকে তাকিয়ে নিকোলস।
প্রথম দিনের শেষে নিউজিল্যান্ড পাঁচ উইকেটে ২৪৩ রান তুলেছে। শুক্রবার যতক্ষণ সম্ভব ইনিংসকে টেনে নিয়ে যাওয়াই লক্ষ্য নিকোলসের। তাঁর কথায়, ‘সত্যি বলত, যত বেশি রান বোর্ডে তুলব, তত ভালো। গ্লেন ফিলিপস আর আমার ক্রিজে থাকা দলের পক্ষে প্লাস পয়েন্ট। গ্লেন দারুণভাবে আক্রমণাত্মক ব্যাট করল। আমার উপর চাপ কমিয়ে দেয় ও। এই জুটিকে এগিয়ে নিয়ে যেতে হবে। ভারত ভালো বল করলে সেটাকে সম্মান জানাতে হবে। আবার রান করার সুযোগও ছাড়া যাবে না।’ অর্থাৎ, লম্বা ইনিংস খেলাই লক্ষ্য হেনরির।



