সমস্যা ও অভিযোগের কথা জানাতে  সুন্দরবনে চালু হচ্ছে হেল্পলাইন নম্বর
  • ২৩ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ঘরে বসেই এবার অভাব অভিযোগের পাশাপাশি দাবি দাওয়ার কথা জানাতে পারবেন সুন্দরবনবাসী। কারণ সুন্দরবন উন্নয়ন দপ্তর চালু করতে চলেছে হেল্পলাইন নম্বর। এই প্রথম এমন উদ্যোগ বলে জানা গিয়েছে। হেল্পলাইন নম্বরটি হল ১৮০০-৩৩৩-২০২৬।

Advertisement

প্রথমে ঠিক হয়েছিল, পুজোর আগেই এটি আনুষ্ঠানিকভাবে চালু করা হবে। কিন্তু নানা কারণে তা করা যায়নি। এখন এটি চালু করা হতে পারে। আধিকারিকদের মতে, বহু মানুষ আছেন, যাঁরা দপ্তরে এসে অভিযোগ জানাতে সংকোচ বোধ করেন। তাঁদের ক্ষেত্রে এই হেল্পলাইন নম্বর অনেক কাজে লাগবে। সুন্দরবনের ১৯টি ব্লকের বাসিন্দারা যে কোনো সমস্যায় পড়লে এই নম্বরে ফোন করে জানাতে পারবেন। কাকদ্বীপে কন্ট্রোল রুমের মতো পরিকাঠামো তৈরি করা হয়েছে। কে, কোথা থেকে, কী সমস্যা বা অভিযোগ নিয়ে ফোন করছেন, সবটাই নথিভুক্ত করা হবে। কারও যদি অন্য কোনো অভিযোগ থাকে, তাহলে তা সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়ে দেওয়া হবে। ইতিমধ্যেই কাকদ্বীপে ক্যাম্প অফিস চালু হয়েছে। সেখানে বহু মানুষ আসছেন অভিযোগ জানাতে। জানা গিয়েছে, বেশিরভাগ ক্ষেত্রেই জমি সংক্রান্ত বিষয় নিয়ে লোকজন আসছেন এখানে। কেউ বলছেন, তাঁদের জমি দখল হয়ে গিয়েছে। কেউবা অন্যান্য কারণ নিয়ে ছুটে আসছেন।