Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

হেলান ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির থিমে কন্যাভ্রূণ হত্যার প্রতিবাদ

পুজোর থিমের মাধ্যমে কন্যাভ্রূণ হত্যা ও নারী নির্যাতনের প্রতিবাদে সরব হয়েছে খানাকুলের হেলান ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি

হেলান ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির থিমে কন্যাভ্রূণ হত্যার প্রতিবাদ
  • ২৯ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: পুজোর থিমের মাধ্যমে কন্যাভ্রূণ হত্যা ও নারী নির্যাতনের প্রতিবাদে সরব হয়েছে খানাকুলের হেলান ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি। সমাজে নারীদের সম্মান রক্ষার বার্তাও দিচ্ছেন ব্যবসায়ীরা। হেলান বাজারের সিনেমাতলা লাগোয়া এলাকায় পুজো হচ্ছে। এবছর তাঁদের দুর্গাপুজোর ৫৯তম বর্ষ।

Advertisement

পুজো কমিটির সভাপতি তথা হোমিওপ্যাথি চিকিৎসক শ্রীকান্ত কর্মকার বলেন, সমাজে কন্যাভ্রূণ হত্যার বিষ এখনও ছড়িয়ে আছে। সেইসঙ্গে নানা নারীনির্যাতনের ঘটনা চলছে। সেসব ঘটনার প্রতিবাদ জানানো ও সমাজকে সচেতন করতে আমরা এই থিম বেছে নিয়েছি।
কোষাধ্যক্ষ প্রসেনজিৎ পাল বলেন, হেলানের ব্যবসায়ীদের পাশাপাশি এলাকার কিছু শুভাকাঙ্ক্ষীও সাহায্যের হাত বাড়িয়ে দেন। সেইসঙ্গে রাজ্য সরকারের অনুদান পাই। এবার পুজোর বাজেট প্রায় পাঁচলক্ষ টাকা।
উদ্যোক্তারা জানান, পঞ্চমী থেকে দর্শনার্থীদের জন্য পুজোমণ্ডপ খুলে দেওয়া হয়েছে। প্রতিবছর অষ্টমীতে বহু ভক্ত মা দুর্গার কাছে অঞ্জলি দিতে আসেন। একাদশীতে মহিলারা সিঁদুর খেলার পর ওইদিনই প্রতিমা নিরঞ্জন হয়। নানা মডেলের মাধ্যমে কন্যাভ্রূণ হত্যা, নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়েছে। বাঁশ, কাপড়, ফোম, কাঠ প্রভৃতি দিয়ে মণ্ডপ তৈরি হয়েছে। সাবেকি প্রতিমার পুজো হবে। স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের পরিবারের সদস্যরা মণ্ডপে আড্ডায় অংশ নেন। খুব নিষ্ঠার সঙ্গে আমরা দুর্গাপুজোর আয়োজন করি।
পুজো কমিটির সম্পাদক রুদ্রপ্রসাদ পাল জানান, এই এলাকা কৃষিপ্রধান। খেটে খাওয়া গরিব মানুষ এখানে বসবাস করেন। তাঁদের অনেকেই টাকা খরচ করে দূরে ঠাকুর দেখতে যেতে পারেন না। তাই এলাকার মানুষকে আনন্দ দিতে বড় করে দুর্গাপুজো হয়। সেইসঙ্গে থিমের মাধ্যমে মানুষকে সচেতনও করা হচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ