নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: সংকীর্ণ সাঁইথিয়া বাইপাস ধরে বড় বড় ডাম্পার চলাচল শুরু হতেই রাস্তার অবস্থা আরও বেহাল হতে শুরু করেছে। সেইসঙ্গে তীব্র যানজট হচ্ছে। শনিবার ডাম্পারের ধাক্কায় ভেঙে পড়ে বিদ্যুতের খুঁটি। তার জেরে সিউড়ি পুরসভার মল্লিকগুনা এলাকার একাধিক বাড়ি বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে। ঘটনার প্রতিবাদে এদিন সকালে স্থানীয় বাসিন্দারা সাঁইথিয়া বাইপাস অবরোধ করে বিক্ষোভে শামিল হন। খবর পেয়ে ডিএসপি(ট্রাফিক) কুণাল মুখোপাধ্যায় সহ সিউড়ি থানার পুলিস বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে দেওয়া হয়। যানজট নিয়ন্ত্রণেও পদক্ষেপ নেয় পুলিস। এক পুলিস আধিকারিক বলেন, তিলপাড়া ব্যারাজ ক্ষতিগ্রস্ত হওয়ায় ঘুরপথে গাড়ি চলাচল করছে। এদিন সাঁইথিয়া বাইপাসে বেশকিছু ডাম্পার ঢুকে পড়েছিল। তার জেরে কিছুটা সমস্যা হয়েছিল। ডাম্পারগুলি বের করে দেওয়া হয়েছে। নতুন করে কোনও ডাম্পার যাতে ওই রাস্তায় না ঢোকে সেদিকে নজর রাখা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে আচমকা সংকীর্ণ সাঁইথিয়া বাইপাসে একের পর এক বড় বড় ডাম্পার ছুটতে দেখা যায়। তার জেরে তীব্র যানজট হয়। সেইসঙ্গে ডাম্পারের ধাক্কায় একটি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে বিপত্তি বাধে। মল্লিকগুনার বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে। বিকেল নাগাদ বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়। ভারী ডাম্পার চলাচলের জেরে সাঁইথিয়া বাইপাসের রাস্তার একাংশও ক্ষতিগ্রস্ত হতে শুরু করেছে। প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা অবরোধ করে বিক্ষোভে শামিল হন। সংকীর্ণ রাস্তায় ডাম্পার চলাচল করতে দেওয়া হবে না বলে তাঁরা দাবি তোলেন। ডাম্পার চলাচলের জেরে ওই রাস্তা আরও খারাপ হয়ে যাবে বলে বাসিন্দারা জানান। দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে। স্থানীয় বাসিন্দা সমীর কাহার বলেন, ডাম্পারের ধাক্কায় বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়েছে। এলাকার রাস্তা আরও খারাপ হয়ে যাচ্ছে। এভাবে একের পর এক ডাম্পার চলাচল করতে থাকলে রাস্তা আরও খারাপ হয়ে যাবে।
আর এক বাসিন্দা তন্ময় সাহা বলেন, এই রাস্তা বড় গাড়ি চলাচলের জন্য নয়। তিলপাড়া ব্যারাজ ক্ষতিগ্রস্ত হওয়ায় বড় গাড়ি চলাচল শুরু করেছে। তার জেরে রাস্তার ক্ষতি হচ্ছে। এদিন সকালে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ল। বড় দুর্ঘটনার হাত থেকে আমরা রক্ষা পেয়েছি। সিউড়ি পুরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় বলেন, রাস্তার অবস্থা ভেবে সাঁইথিয়া বাইপাস হয়ে ডাম্পার চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এনিয়ে ইতিমধ্যে পুলিসের সঙ্গেও আলোচনা হয়েছে। -নিজস্ব চিত্র