Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বাঁধ রোডে ভারী গাড়ি চলাচলের দাবিতে বিক্ষোভ ব্যবসায়ীদের

হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের মালিওর বাঁধ রোড দিয়ে দুই মাস ধরে বন্ধ রয়েছে ভারী গাড়ি চলাচল

বাঁধ রোডে ভারী গাড়ি চলাচলের দাবিতে বিক্ষোভ ব্যবসায়ীদের
  • ১৮ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: বাঁধ রোড সুরক্ষার জন্য প্রশাসনের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে বারো ও ষোলো চাকার মালবাহী গাড়ির চলাচল। এতে চরম সমস্যায় পড়েছেন ব্যবসায়ীরা। ভারী গাড়ি চলাচলের দাবিতে সোমবার দুপুরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন হরিশ্চন্দ্রপুর ২ ব্লক ব্যবসায়ী সমিতি। 

Advertisement

হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের মালিওর বাঁধ রোড দিয়ে দুই মাস ধরে বন্ধ রয়েছে ভারী গাড়ি চলাচল। এর জেরে হরিশ্চন্দ্রপুর ২ ব্লক এলাকার বিহার সীমানার সাদলিচক, দৌলত নগর, ইসলামপুর, ভালুকা সহ একাধিক গ্রাম পঞ্চায়েত এলাকায় ব্যবসায়ীরা চরম সমস্যায় পড়েছেন। তারা গাড়িতে পণ্য আনতে পারছেন না। বাঁধ রোড দিয়ে ভারী গাড়ি চলাচলে অনুমতি দেওয়ার দাবিতে পায়খানা মোড় এলাকায় ব্যবসায়ীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান।
ব্যবসায়ী সমিতির সম্পাদক মহম্মদ আলমগীর বলেন, ভালুকা থেকে দিল্লি দেওয়ানগঞ্জ বাঁধ রোডে দুই বছর ধরে বারো ও ষোলো চাকা গাড়ি চলাচল বন্ধ রয়েছে। দুই মাস থেকে হরিশ্চন্দ্রপুর ট্রাফিক মোড় থেকে বারোদুয়ারি ও শিশাতলা হয়ে কুমেদপুর পর্যন্ত ৯ কিমি রাস্তায় বারো ও ষোলো চাকার গাড়ি চলাচল নিষিদ্ধ করেছে প্রশাসন। এর ফলে কৃষিজ পণ্য আমদানি ও‌ পাঠাতে সমস্যায় পড়েছেন ব্যবসায়ীরা। নির্মাণ সামগ্রীও এলাকায় আনা যাচ্ছে না। এলাকার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছেন জেলা পরিষদ সদস্য বুলবুল খান। সমস্যার কথা স্বীকার করে তিনি বলেন, বাঁধ রোড সংস্কারের বিষয়ে প্রশাসনের সঙ্গে কথা বলব।  বিডিও তাপস কুমার পাল বলেন, বাঁধের সুরক্ষার জন্য ভারী গাড়ি চলাচল নিষিদ্ধ করা হয়েছে। তবে ছোট ও দশ চাকার গাড়ি চলাচল করছে।  বাঁধ রোডে ভারী যান চলাচলের দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ