ভুবনেশ্বর: নিম্নচাপের জের। উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলে ভারী বৃষ্টি অব্যাহত। যার জেরে দুই রাজ্যের বেশ কয়েকটি জেলায় স্কুল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বুধবার রাতে কলিঙ্গপটনমের কাছে স্থলভাগে প্রবেশ করেছে ঘূর্ণাবর্তটি। বৃহস্পতিবার বিকালে তার অবস্থান ছিল অন্ধ্রপ্রদেশের উত্তর উপকূল ও ওড়িশার দক্ষিণ উপকূলে। শক্তি হারিয়ে ইতিমধ্যে তা পরিণত হয়েছে গভীর নিম্নচাপে। যার জেরে প্রবল বৃষ্টি হয়েছে দুই রাজ্যের উপকূলবর্তী এলাকাগুলিতে।
ওড়িশার খুরদা, জগৎসিংপুর, গঞ্জাম, গজপতি, মালকানগিরি, কোরাপুট, পুরী ও নবনগর জেলায় স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি বন্ধ রাখা হয়েছে। তবে শিক্ষক ও শিক্ষাকর্মীদের স্কুলে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন। অন্যদিকে, পুরীর সমুদ্রতটে উড়ছে বিপদের সংকেতবাহী লাল পতাকা। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। পর্যটকদের ক্ষেত্রে সমুদ্রস্নানে নিষেধাজ্ঞা রয়েছে। ওড়িশার আবহওয়া দপ্তর, আজ ও আগামীকাল অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। রবিবারও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
বৃহস্পতিবার অন্ধ্রপ্রদেশের আল্লুরি সীতারামা রাজু, ভিজিয়ানগরম, শ্রীকাকুলাম, বিশাখাপত্তনম ও আনাকাপাল্লির স্কুল বন্ধ রাখা হয়েছিল। সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে বন্ধ রাখতে বলা হয়েছে অঙ্গনওয়ারি কেন্দ্রগুলিও।